শিক্ষাপ্রতিষ্ঠান ৩১ জুলাই পর্যন্ত বন্ধ

দেশের সব স্তরের শিক্ষাপ্রতিষ্ঠান আগামী ৩১ জুলাই পর্যন্ত বন্ধ থাকবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। গতকাল মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এই নিয়ে ২০২০ সালের মার্চ থেকে কয়েক দফায় পেছানো হলো শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি।     

শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সারা দেশে করোনা পরিস্থিতির আরও অবনতি হওয়ায় এবং কঠোর লকডাউন কার্যকর থাকায় শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী ও অভিভাবকদের স্বাস্থ্য সুরক্ষা ও সার্বিক নিরাপত্তার বিবেচনায় চলমান ছুটি ৩১ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে।’

করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ায় গত বছরের ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। সরকার কয়েক দফা পরিকল্পনা করলেও পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় দফায় দফায় ছুটি বাড়াতে হচ্ছে। সর্বশেষ জুনে স্কুল-কলেজে সরাসরি শিক্ষা কার্যক্রম চালুর যে পরিকল্পনা নিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়, পরিস্থিতির অবনতি হওয়ায় তাও ভেস্তে গেছে।

এর মধ্যে সোমবার থেকে দেশে সীমিত পরিসরে লকডাউন চলছে। আগামীকাল ১ জুলাই থেকে আরও এক সপ্তাহ কঠোর লকডাউনের ঘোষণা দিয়ে রেখেছে সরকার। শিক্ষা মন্ত্রণালয় বলছে, কভিড-১৯ সংক্রান্ত জাতীয় পরামর্শক কমিটির সঙ্গে পরামর্শ করেই ছুটি ৩১ জুলাই পর্যন্ত বাড়ানোর এই সিদ্ধান্ত হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের বলেন, বিশ্ববিদ্যালয়গুলোর ক্ষেত্রেও একই সিদ্ধান্ত থাকবে। কিন্তু বিশ্ববিদ্যালয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হওয়ায় আমরা এ ব্যাপারে কিছু বলিনি। বিশ্ববিদ্যালয়গুলোই এ ব্যাপারে সিদ্ধান্ত জানিয়ে দেবে।