সাতক্ষীরায় করোনা উপসর্গ ও পজিটিভ নিয়ে একদিনে মৃত্যু হয়েছে দশজনের। তবে সংক্রমণের হার প্রতিদিনই কমতে শুরু করেছে।
সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের করোনা বিষয়ক সংবাদের মুখপাত্র ডা. জয়ন্ত সরকার জানান, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে মৃত্যু হয়েছে ৭ জনের। এর মধ্যে একজন পজিটিভ। বাকি ৬ জন উপসর্গ নিয়ে।
মৃতদের মধ্যে ৪ জন নারী এবং ৩ জন পুরুষ রয়েছে।
এছাড়া সাতক্ষীরার করোনা পজিটিভ রোগী খুলনার ২৫০ শয্যা হাসপাতালে মারা গিয়েছে একজন। করোনা উপসর্গ সাতক্ষীরার বেসরকারি হাসপাতালে করোনা উপসর্গে আরও দুইজনের মৃত্যু হয়েছে।
ডা. জয়ন্ত সরকার আরও জানান, একই সময়ে ১৬১ জনের নমুনা পরীক্ষায় ৫০ জন নতুন করে আক্রান্ত হয়েছে। আক্রান্তের হার ৩১.০৫ ভাগ।
জেলায় এ পর্যন্ত করোনায় পজিটিভে মৃত্যু ৭০ জন এবং উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৩৩৮ জন।
এছাড়াও জেলায় এ পর্যন্ত ১৩ হাজার ৬৯৮ জনের নমুনা পরীক্ষা করে ৩ হাজার ৩৭১ জনের পজিটিভ হয়েছে বলে জেলা স্বাস্থ্য বিভাগ নিশ্চিত করেন।
এদিকে জেলা করোনা প্রতিরোধ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে টানা চতুর্থ দফার লকডাউনে শহরে বুধবার সকাল থেকে ছোট খাটো যানবাহন চলাচল করছে।
বিভিন্ন যানবাহনে গ্রামের মানুষ শহরে আসছে। স্বাস্থ্যবিধি না মেনেই অনেকে চলাফেরা করছে। হাট বাজার করছে। তবে দোকানপাট বন্ধ থাকলেও লুকিয়ে চলছে কেনাবেচা।