রংপুর বিভাগে করোনায় আরও ৯ জনের মৃত্যু

রংপুরে বেড়েই চলেছে করোনা ভাইরাসের প্রকোপ। গত ২৪ ঘণ্টায় বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও নয়জন।

এর মধ্যে রংপুরে ৩ জন, দিনাজপুরে ৩ জন, ঠাকুরগাঁওয়ে ২ জন ও গাইবান্ধার ১ জনের মৃত্যু হয়। এ সময়ে বিভাগে নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ৪৭৩ জনের।

বুধবার দুপুরে রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক আবু মোহাম্মদ জাকিরুল ইসলাম দেশ রূপান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনাক্তদের মধ্যে দিনাজপুরে ১৩৬, ঠাকুরগাঁওয়ে ৮৯, রংপুরে ৮২, লালমনিরহাটে ৩৯, গাইবান্ধায় ৩৯, কুড়িগ্রামে ৩৮, নীলফামারীতে ২৮ এবং পঞ্চগড়ে ২২ জন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ১৭৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তরে সূত্রে জানা গেছে, বুড়িমারী ও হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আরও ১০ জন দেশে ফিরেছেন।

এ পর্যন্ত বিভাগের ৮ জেলায় ১ লাখ ৫৪ হাজার ৯৩৮ জনের নমুনা পরীক্ষায় ২৫ হাজার ৯৮০ জনের করোনা শনাক্ত হয়েছে এবং মারা গেছেন ৫১৯ জন।

এর মধ্যে শনাক্ত ও মৃত্যু বেশি হয়েছে দিনাজপুর জেলায়। জেলাটিতে করোনা শনাক্ত হয়েছে মোট ৮ হাজার ৪৬৪ জনের এবং মারা গেছেন ১৮৫ জন, রংপুরে আক্রান্ত ৫ হাজার ৯৫৩ জন এবং মৃত্যু হয়েছে ১১৪ জনের, ঠাকুরগাঁওয়ে আক্রান্ত ৩ হাজার ২৭৬ জন এবং মারা গেছেন ৮৫ জন, গাইবান্ধায় আক্রান্ত ২ হাজার ১১৭ জন আক্রান্ত ও মৃত্যু হয়েছে ২৪ জনের।

এদিকে নীলফামারীতেও আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১ হাজার ৮৪৯ জনে এবং মৃত্যু হয়েছে ৩৮ জনের, কুড়িগ্রামে আক্রান্ত ১ হাজার ৭৭৮ জন ও মারা গেছেন ২৭ জন, লালমনিরহাটে আক্রান্ত ১ হাজার ৪৮৩ জন ও মৃত্যু হয়েছে ২৪ জনের এবং পঞ্চগড়ে আক্রান্ত ১ হাজার ৫৬ জন এবং মৃত্যু হয়েছে ২২ জনের।

করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. আবু মো. জাকিরুল ইসলাম। তিনি বলেন, ঘরে-বাইরে আমাদের  অবশ্যই মাস্ক পরতে হবে, নয়তো এই মহামারির হাত থেকে নিজেকে রক্ষা করা কঠিন হয়ে পড়বে।