ডিবি পরিচয়ে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই, শ্রমিক লীগ নেতাসহ গ্রেপ্তার ২

ঝালকাঠিতে গোয়েন্দা (ডিবি) পুলিশ পরিচয়ে ছিনতাইয়ের অভিযোগে শ্রমিক লীগ নেতা জলিল হাওলাদারসহ দুজনকে আটক করেছে র‌্যাব-৮। মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে জেলার নলছিটি উপজেলার দপদপিয়া খেয়াঘাট সংলগ্ন বাজার থেকে তাদের আটক করা হয়। 

জলিল হাওলাদার নলছিটি উপজেলা শ্রমিক লীগ নেতা ও শীতলপাড়া গ্রামের এবং সহযোগী শাহিন মুন্সী একই উপজেলার নাঙ্গুলী গ্রামের বাসিন্দা। 

এ ঘটনায় বুধবার সকালে বরিশাল সদর উপজেলার চরকাউয়া এলাকার কালাম হোসেন তালুকদার বাদী হয়ে নলছিটি থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার বিবরণে জানা গেছে, ব্যবসায়িক কাজ শেষে গত ১০ জুন মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের তুর্য্য পেট্রোল পাম্পের সামনে ডিবি পরিচয়ে জলিল ও শাহীনসহ তিন ব্যক্তি কামাল হোসেন তালুকদারের পথরোধ করে। এরপর তার বুকে অস্ত্র ঠেকিয়ে প্যান্টের পকেট থেকে নগদ ৪২ হাজার টাকা, একটি স্বর্ণের চেইন ও বিকাশের মাধ্যমে আট হাজার টাকা নিয়ে যান। ছিনতাইকালে তাদের ব্যবহৃত মোটরসাইকেলের নম্বর মনে রেখে বরিশাল রুপাতলীর র‌্যাব-৮ এর সদর দপ্তরে লিখিত আবেদন করেন কালাম হোসেন তালুকদার। 

এর প্রেক্ষিতে র‌্যাবের একটি দল মঙ্গলবার গভীর রাতে অভিযান চালিয়ে জলিল ও শাহীনকে আটক করে নলছিটি থানায় সোপর্দ করে। আটককালে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত মোটরসাইকেলটি ও একটি মোবাইলফোন জব্দ করে র‌্যাব। 

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান বলেন, দুজনকে বুধবার দুপুরে ঝালকাঠি আদালতে প্রেরণ করা হয়েছে।