বাংলাদেশ সফরে এক সপ্তাহেই ৫ ম্যাচ খেলবে অজিরা!

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে এ মাসের শেষেই বাংলাদেশে আসার কথা রয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের। করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকাতে বৃহস্পতিবার থেকে দেশে কঠোর লকডাউন শুরু হলেও এই সিরিজ নিয়ে এখনো ইতিবাচক বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

তবে আগস্টের শুরুতে এই সিরিজের সবগুলো ম্যাচ সাত দিনেই শেষ করতে চায় আয়োজকেরা। দুই বোর্ডের মধ্যে সেরকম আলোচনায় চলছে বলেই জানালেন বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান আকরাম খান।

দেশে করোনা পরিস্থিতি খারাপ হলেও অস্ট্রেলিয়া সিরিজ নিয়ে কোনো শঙ্কা নেই জানিয়ে আকরাম বলেন, ‘আমরা কাজ করছি। এখন পর্যন্ত সব কিছু নিশ্চিত আছে। আমরা ধরে নিতে পারি যদি ভবিষ্যতে খুব খারাপ কিছু না হয় তাহলে ওরা আসবে।’

তবে বাংলাদেশে করোনাভাইরাস পরিস্থিতি খারাপের দিকে যাওয়ায় সফর নিয়ে অতি সতর্ক পথে হাঁটতে চায় অজিরা। কড়া জৈব সুরক্ষা বলয়ের পাশাপাশি বিশেষ ইমিগ্রেশন সুবিধা, সম্পূর্ণ আলাদা হোটেলে ব্যবস্থাসহ বিসিবির কাছে বেশ কিছু চাহিদার কথাও জানিয়ে রেখেছে তারা। আকরাম বলেন, ‘ওরা যাই চাচ্ছে আমরা তা করার চেষ্টা করছি। প্রায় সব কাজই শেষ। ৯০-৯৫% কাজ হয়ে গেছে।’

মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে এক সপ্তাহের মধ্যে সবগুলো ম্যাচ হতে পারে জানিয়ে আকরাম বলেন, ‘অস্ট্রেলিয়া সিরিজের সূচি- ২ তারিখ থেকে ৮ তারিখের মধ্যে ৫টা টি-টোয়েন্টি খেলব।’ সব মিলিয়ে অস্ট্রেলিয়া দলের বাংলাদেশে অবস্থান ১০ দিনের বেশি হবে না।

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে এই সিরিজ খেলবে দুই দল।