লকডাউন: খুলনায় মোড়ে মোড়ে পুলিশ-বিজিবির টহল

করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে কঠোর লকডাউনের প্রথম দিন চলছে। খুলনায় বৃহস্পতিবার সকাল থেকে প্রশাসনের সদস্যদের দায়িত্ব পালনে ব্যস্ত থাকতে দেখা গেছে।

মোড়ে মোড়ে বসানো হয়েছে পুলিশী চেকপোস্ট ও বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) টহল দিতে দেখা গেছে। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হলেই তাদের ফিরিয়ে দেয়া হচ্ছে। নগরীর সকল দোকানপাট বন্ধ রয়েছে।

সকাল থেকে নগরীর প্রাণকেন্দ্র ডাকবাংলা মোড়ে কয়েকটি ফলের দোকান ছাড়া বাকি সব বন্ধ ছিল। রোগী ও বয়স্ক মানুষ ছাড়া কাউকে বের হতে দিচ্ছে না প্রশাসনের সদস্যরা। ময়লাপোতার মোড়ে সকল দোকান-পাট বন্ধ। গল্লামারী বাইপাস (ময়লাপোতা থেকে গল্লামারী) সড়কটি পুরোটাই ফাঁকা। সড়কে পুলিশের টহল চলছে। একই অবস্থা নগরীর রূপসাঘাট এলাকায়। তবে এখানে কিছু নৌকা জরুরি প্রয়োজনের মানুষকে পারাপার করছে।

নগরীর শিববাড়ি মোড়েও একই অবস্থা। অপ্রয়োজনে রাস্তায় মোটরসাইকেল বের করার অপরাধে কয়েকটি যানবাহনের বিরুদ্ধে মামলা ও থানায় পাঠিয়ে দেওয়া হয়েছে।

তবে বিগত লকডাউনের সময় রাস্তায় গণপরিবহন দেখা গেলেও আজ সকাল থেকে রিকশা ছাড়া যান্ত্রিক পরিবহন বন্ধ ছিল।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম জানান, দেশে অস্বাভাবিক আকারে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে গেছে। মন্ত্রিপরিষদের নির্দেশে লকডাউন চলমান রয়েছে। খুলনার অবস্থা খুব ভয়াবহ। রোগী ও বয়স্ক মানুষের প্রয়োজন ছাড়া সকলকে বাড়ি পাঠিয়ে দেওয়া হচ্ছে।

আমাদের চারটি ভ্রাম্যমাণ আদালত শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করছে। তাদের সাথে রয়েছে পুলিশ ও বিজিবির সদস্যরা।