করোনা: দিনাজপুরে ৪ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫১ জন

দিনাজপুরে নতুন করে ১৫১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। একই সময়ে জেলায় করোনায় ৪ জনের মৃত্যু হয়েছে।

দিনাজপুর সিভিল সার্জন কার্যালয়ের করোনা বিষয়ক ফোসাল পার্সন ডা. শাহ মো. এজাজ-উল হক জানান, গত ২৪ ঘণ্টায় দিনাজপুর জেলার ৩৯৫টি নমুনা পরীক্ষা করে ১৫১ জনের পজিটিভ পাওয়া যায়। যা জেলায় আক্রান্ত হার ৩৮ দশমিক ২২ শতাংশ।

এর মধ্যে সদর উপজেলায় ৯৪টি নমুনা পরীক্ষা করে ৭৮ জনের পজিটিভ পাওয়া যায়। যা শুধুমাত্র সদর উপজেলায় করোনা আক্রান্তের ৮৩ শতাংশ।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে জেলায় ৪ জনের মৃত্যু হয়েছে।

এরা হলেন- দিনাজপুর সদর উপজেলার সুন্দরবন গ্রামের ইসাহাক আলী (৭০), দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন জালাল উদ্দীন (৬৭) ও রফিকুল ইসলাম (৭১) এবং খানসামা উপজেলার গোয়ালডিহি গ্রামের আসির উদ্দিন শাহ (৮৫)। এই নিয়ে জেলায় করোনা আক্রান্ত হয়ে ১৭১ জনের মৃত্যু হয়েছে।