আরও দুঃস্বপ্ন সামনে

করোনাভাইরাস

বিশ্বের বিভিন্ন অংশে করোনাভাইরাসের সংক্রমণ আবার বাড়ছে। করোনার সংক্রমণ নতুন করে বৃদ্ধির জন্য অতি সংক্রামক ডেল্টাসহ অন্যান্য ধরন ভূমিকা রাখছে। ইতিমধ্যে প্রায় ১০০ দেশে অতিসংক্রামক ডেল্টা ধরনের অস্তিত্ব পাওয়া গেছে। এই ধরন আগামী কয়েক মাসে পুরো বিশ্বেই ছড়াতে পারে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমসও গত বুধবার এক প্রতিবেদনে বলেছে, আরও দুঃস্বপ্ন নিয়ে ফিরে আসছে করোনাভাইরাস।

দ্য নিউ ইয়র্ক টাইমস বলছে, অনেক দেশ ভেবেছিল তারা করোনার সবচেয়ে বাজে পরিস্থিতি দেখে ফেলেছে। কিন্তু তারা এখন আবার করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি দেখছে। বিশেষ করে বিভিন্ন দেশে করোনার ডেল্টা ধরনের বিস্তার বাড়ছে।

উদাহরণ হিসেবে দ্য নিউ ইয়র্ক টাইমস বলছে, ইন্দোনেশিয়ায় রাতের বেলাতেও কবর খুঁড়ছেন গোর খোদকরা। দেশটিতে অক্সিজেনের পাশাপাশি টিকার সংকট প্রকট। ইউরোপের বিভিন্ন দেশ আবার তাদের প্রবেশদ্বার বন্ধ করছে। কেউবা কঠোর কোয়ারেন্টাইন বিধি আরোপ বা ভ্রমণ নিষেধাজ্ঞা দিচ্ছে। বাংলাদেশে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় ১ জুলাই থেকে আবার লকডাউন দেওয়া হয়েছে। দক্ষিণ কোরিয়া ও ইসরায়েলের মতো দেশ করোনাকে অনেকাংশে নিয়ন্ত্রণে আনলেও এখন সেখানে নতুন করে এই ভাইরাসের গুচ্ছ সংক্রমণ দেখা যাচ্ছে। অস্ট্রেলিয়ার কর্র্তৃপক্ষ দেশটির লাখো অধিবাসীকে ঘরে অবস্থান করতে নির্দেশ দিয়েছে।

করোনা মহামারী শুরুর পর প্রায় দেড় বছর পেরিয়ে গেছে। উৎপত্তির পর করোনা অবিশ্বাস্য দ্রুতগতিতে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। এখন আবার বিশ্বের একটি বিস্তৃত অংশে করোনার সংক্রমণ বাড়ছে। বিশেষজ্ঞরা বলছেন, করোনার একাধিক নতুন ধরন, বিশেষ করে অতি সংক্রামক ডেল্টার কারণে সংক্রমণের এই ঊর্ধ্বগতি।

বিজ্ঞানীরা মনে করছেন, মূল ধরনটির চেয়ে করোনাভাইরাসটির রূপান্তরিত ডেল্টা ধরন দ্বিগুণ সংক্রামক হতে পারে। করোনার ডেল্টা ধরনে আংশিক টিকা নেওয়া কিছু লোকেরও সংক্রমিত হওয়ার আশঙ্কা আছে। এই আশঙ্কার বিষয়টি জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের উদ্বিগ্ন করে তুলেছে।

ভারতের গবেষকরা ডেল্টার পর এখন আবার ডেল্টা প্লাস ধরনের সংক্রমণের কথা বলছেন। অন্যান্য দেশেও করোনার নানান ধরন আছে। সেগুলো আবার রূপান্তরিতও হচ্ছে। করোনার নতুন নতুন ধরন যেকোনো সময় হঠাৎ করে বিপজ্জনক হয়ে উঠতে পারে। এই অবস্থায় বিশেষজ্ঞরা বলছেন, করোনার নতুন নতুন ধরন আসছে, ছড়াচ্ছে। এ অবস্থায় করোনা মহামারীকে নিয়ন্ত্রণে আনতে ব্যাপকভিত্তিক টিকাদানের পাশাপাশি পূর্ব সতর্কতা বজায় রাখা দরকার।

ডেল্টা ধরনের সংক্রমণ রুখতে বাধ্যতামূলকভাবে মাস্ক পরা এবং শারীরিক দূরত্ব বজায় রাখার ওপর জোর দিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদ্রোস আধানম গেব্রিয়াসুস। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বলেন, ডেল্টাই এখন পর্যন্ত করোনাভাইরাসের সবচেয়ে সংক্রামক ধরন। যেসব জায়গায় টিকা দেওয়ার হার কম, সেখানে দ্রুত ছড়াচ্ছে করোনার এই অতি সংক্রামক ধরন।

ডব্লিউএইচও সতর্ক করে বলেছে, আগামী কয়েক মাসে করোনার অন্যান্য ভ্যারিয়েন্টকে ছাড়িয়ে যাবে এই ধরন। সংস্থাটির প্রধান বলেন, ‘আমি জানি যে বিশ্বজুড়ে ডেল্টা ধরন নিয়ে অনেক বেশি উদ্বেগ রয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থাও এটা নিয়ে উদ্বিগ্ন। এখন পর্যন্ত পাওয়া করোনার ধরনগুলোর মধ্যে এটাই সবচেয়ে বেশি সংক্রামক।’

অনেক দেশেই জনস্বাস্থ্য এবং সামাজিক বিধিনিষেধ শিথিল করার কারণে বিশ্বে সংক্রমণ নতুন করে বাড়তে শুরু করেছে।