মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগের ফল প্রকাশের দাবি

অবিলম্বে মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ-২০২০-এর চূড়ান্ত ফল প্রকাশ ও করোনা মোকাবিলায় আরও ২০ হাজার মেডিকেল টেকনোলজিস্ট (অ্যাডহক ভিত্তিতে) নিয়োগের দাবি জানিয়েছে মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ বাস্তবায়ন কমিটি। গত বুধবার বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে (ক্র্যাব) সংবাদ সম্মেলন করে এ দাবি জানায় সংগঠনটি।

সংবাদ সম্মেলনে সংগঠনের আহ্বায়ক মুক্তাদির রহমান লিখিত বক্তব্যে বলেন, ‘কভিড-১৯ মহামারীর শুরু থেকেই বিভিন্ন সরকারি হাসপাতালগুলোতে মেডিকেল টেকনোজিস্টের সংকট দেখা দেয়। ফলে মেডিকেল টেকনোলজিস্টদের জরুরি ভিত্তিতে নিয়োগ প্রদানের বিষয়টি বিভিন্ন ইলেকট্রনিক, প্রিন্ট ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আলোড়ন তৈরি করে এবং তা একপর্যায়ে প্রধানমন্ত্রীর নজরে আসে।

সংগঠনটির সদস্য উত্তম কুমার বলেন, এ বিষয় নিয়ে আমরা স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরে কাছে গিয়েছি। কিন্তু কেউই কোনো সমাধান দিতে পারেনি। তাছাড়া স্বাস্থ্যসেবার চলমান সংকট উত্তরণ, রোগ নির্ণয় সেবাকে যথাযথ এবং নির্ভুল ও সাধারণ মানুষের কাছে সহজলভ্য করতে জরুরি ভিত্তিতে মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ-২০২০-এর চূড়ান্ত ফল প্রকাশ করা, দ্রুততার সঙ্গে সব শূন্যপদ পূরণ এবং অ্যাডহকের ভিত্তিতে আরও ২০ হাজার মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ প্রদানের দাবি জানান তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনটির যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম, তৌহিদুল ইসলাম, আরিফুল ইসলাম প্রমুখ।