বাবর-আফ্রিদির সঙ্গে ‘এ’ ক্যাটাগরিতে হাসান-রিজওয়ান

গত বছর চোটের কারণে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কেন্দ্রীয় চুক্তিতে ছিলেন না হাসান আলী। এবার ২০২১/২২ মৌসুমের জন্য চুক্তিতে ফিরেছেন তিনি।

বাবর আজম ও শাহীন আফ্রিদির সঙ্গে ‘এ’ ক্যাটাগরিতে আছেন হাসান। অন্যদিকে ‘বি’ গ্রেড থেকে একই ক্যাটাগরিতে উঠে এসেছেন মোহাম্মদ রিজওয়ান। এই দুজন ছাড়াও কেন্দ্রীয় চুক্তির তালিকায় নতুন মুখ হিসেবে আছেন ফাহিম আশরাফ, ফাওয়াদ আলম, মোহাম্মদ নওয়াজ ও নওমান আলী।

চুক্তি থেকে বাদ পড়েছেন আসাদ শফিক, হারিস সোহেল, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ আব্বাস, নাসিম শাহ, শান মাসুদ ও উসমান শিনওয়ারি, হায়দার আলী ও ইফতিখার আহমেদ।

পিসিবি’র প্রধান নির্বাহী জানিয়েছেন, দরজা খোলা রয়েছে এই খেলোয়াড়দের জন্য এবং তারা সব সময় নির্বাচকদের পরিকল্পনায় থাকবেন।

কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পেয়েছেন মোট ২০ জন। যার মধ্যে ইমার্জিং ক্যাটাগরিতে আছেন তিন ক্রিকেটার। সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদকে রাখা হয়েছে ‘সি’ ক্যাটাগরিতে। গত বছরের চুক্তির থেকে খেলোয়াড়দের সংখ্যা কমিয়ে আনা হয়েছে এবার।

পিসিবির সঙ্গে ক্রিকেটারদের নতুন এই ১২ মাসের চুক্তি শুরু ০১ জুলাই থেকে। শেষ হবে আগামী বছরের ৩০ জুন। এবার চুক্তিতে থাকা ক্রিকেটাররা সব ফরম্যাটের জন্য ‘সমান ম্যাচ ফি’ পাবেন। যার অর্থ হলো, যারা পাকিস্তানের প্রতিনিধিত্ব করবে তারা নির্বিশেষে ক্যাটাগরি অনুযায়ী সব ফরম্যাটের জন্য একই ম্যাচ ফি পাবে। কেন্দ্রীয় চুক্তিতে থাকলেও বা না থাকলেও তা পাবে।

পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তি

ক্যাটাগরি-এ: বাবর আজম, হাসান আলী, মোহাম্মদ রিজওয়ান ও শাহীন শাহ আফ্রিদি।

ক্যাটাগরি-বি: আজহার আলী, ফাহিম আশরাফ, ফখর জামান, ফাওয়াদ আলম, শাদাব খান ও ইয়াসির শাহ।

ক্যাটাগরি-সি: আবিদ আলী, ইমাম-উল-হক, হারিফ রউফ, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ নওয়াজ, নওমান আলী ও সরফরাজ আহমেদ।

ইমার্জিং ক্যাটগরি: ইমরান বাট, শাহনেওয়াজ দাহানি ও উসমান কাদির।