লঙ্কা প্রিমিয়ার লিগের দ্বিতীয় আসরের ড্রাফটে নাম লিখিয়েছেন বাংলাদেশের এক ঝাঁক তারকা। যে তালিকায় সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদসহ রয়েছেন মোট ৭ ক্রিকেটার।
গত বছর শ্রীলঙ্কার এই ঘরোয়া লিগটির প্রথম আসরে বাংলাদেশের কোনো ক্রিকেটারকে খেলার ছাড়পত্র দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দল পেলে এবারো ক’জন ক্রিকেটার খেলতে পারবেন সেটি একটি বিষয়টি।
সাকিব, তামিম, মাহমুদউল্লাহ ছাড়াও এলপিএলের ড্রাফটে নাম লিখিয়েছেন- মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, লিটন দাস ও সৌম্য সরকার।
বাংলাদেশের ক্রিকেটাররা ছাড়াও বেশ কিছু আন্তর্জাতিক তারকা নাম লিখিয়েছেন এই আসরের ড্রাফটে। শ্রীলঙ্কার বাইরে সব মিলে আসরটিতে অংশ নিতে আগ্রহ দেখিয়েছেন মোট ১১ দেশের ক্রিকেটার।
অস্ট্রেলিয়ার বেন কাটিং ও জেমস ফকনার, দক্ষিণ আফ্রিকার সাদা বলের অধিনায়ক তেম্বা বাভুমা, কেশভ মহারাজ, তাবরাইজ শামসি এলপিএলে খেলার আগ্রহ দেখিয়ে নিজেদের নাম নিবন্ধন করেছেন। মরনে মরকেলও রয়েছেন আগ্রহীদের তালিকায়।
ভারতের সাবেক দুই তারকা- ইউসুফ পাঠান ও ইরফান পাঠানও ড্রাফটে নাম লিখিয়েছেন। নিউজিল্যান্ডের মিচেল ম্যাকক্লেনাগান, ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরান, শেরফান রাদারফোর্ড, রবি রামপালের মতো তারকা রয়েছেন এই তালিকায়।
আরো আছেন- জিম্বাবুয়ের ব্রেন্ডন টেইলর, নেপালের সন্দীপ লামিচানে, যুক্তরাষ্ট্রের আলি খান। পাকিস্তান থেকে নাম লিখিয়েছেন হারিস সোহেল, শোয়েব মাকসুদ, মোহাম্মদ হাসনাইনসহ বেশ কিছু তারকা।
প্রথমে ৩০ জুলাই এই আসর মাঠে গড়াবে বলে ঠিক হয়েছিল। তবে পরে আগস্ট পর্যন্ত আসরটি স্থগিত করা হয়।