সেন্ট জর্জেসে টানা দুই ম্যাচ হারার পর আবার জয়ের দেখা পেল উইন্ডিজ। বৃহস্পতিবার রাতে সিরিজের চতুর্থ ম্যাচ ২১ রানে জিতেছে তারা। ফলে পাঁচ ম্যাচের সিরিজ এখন ২-২ সমতায়। আজ একই মাঠে সিরিজের ফাইনাল।
কাইরন পোলার্ডের অপরাজিত ৫১ আর ডোয়াইন ব্রাভোর ৪ উইকেটের যৌথ প্রযোজনায় সহজ জয় পেয়েছে উইন্ডিজ। ম্যাচের প্রথম ওভারেই ২০ রান নিয়ে ঝড়ের ইঙ্গিত দিয়েছিলেন লেন্ডল সিমন্স। ৩৪ বলে ৪৭ রানের ইনিংস খেলেন তিনি। টসে হেরে আগে ব্যাটিং করা উইন্ডিজ প্রথম ওভারের পরেই থমকে যেতে থাকে। দ্রুত উইকেট হারিয়ে ৭০/৪ হয়ে যায়। এরপরও উইকেট পড়া থামেনি। ১০১ রানে ৬ উইকেট পড়ার পর অধিনায়ক পোলার্ডের কারণেই ১৬৭ করতে পেরেছ। শেষ ৪ ওভারে ৬৬ রান করে ক্যারিবিয়ানরা। দলের বিপর্যয়ে ২৫ বলে অপরাজিত ৫১ রানের ইনিংস খেলেন পোলার্ড। পরে ৩৭ বছরের ডোয়াইন ব্রাভোর ক্যারিয়ার সেরা বোলিংয়ে (১৯ রানে ৪ উইকেট) ১৪৬ রানে থামে দক্ষিণ আফ্রিকার ইনিংস। ক্রিস গেইল ক্যারিয়ারে প্রথমবার নতুন বল হাতে নিয়ে প্রথম বলেই উইকেট পেয়েছেন।
শুরুতে অফস্পিনার এডেন মার্করামকে দুটি করে চার-ছক্কা মেরে প্রথম ওভারেই লেন্ডল সিমন্স নেন ২০ রান। পরের ওভারের দ্বিতীয় বলে লুঙ্গি এনগিদিকে লং অন দিয়ে ছক্কা মারেন এভিন লুইস। পরের ওভারে অ্যানরিখ নরকিয়ার বলে লুইস (৭) আউট হন। গেইল করেন ৫ রান। শিমরন হেটমায়ারও বেশিক্ষণ টিকতে পারেননি (১২ বলে ৭)। জর্জ লিন্ডা ও তাবরাইজ শামসির বোলিংয়ে ক্যারিবিয়ান ব্যাটিংয়ের অবস্থা শোচনীয় হয়ে ওঠে। শামসি আউট করেছেন নিকোলাস পুরান ও আন্দ্রে রাসেলকে। ৪ ওভারে ১৬ রানে ২ উইকেট নেন লিন্ডা। শামসির বোলিং বিশ্লেষণ ৪-০-১৩-২। ১৬ ওভার শেষে স্বাগতিকদের রান ছিল ৫ উইকেটে ১০১। এরপর পোলার্ড আর ফ্যাবিয়ান অ্যালেন ঝড় তোলেন। ৫ ছক্কায় ২৪ বলে ফিফটি করেন পোলার্ড। অ্যালেন অপরাজিত ছিলেন ১৩ বলে ১৯ রান করে। জবাব দিতে নেমে দক্ষিণ আফ্রিকার শুরুটা ভালো হয়নি। ২০১৬ বিশ্বকাপের পর টি-টোয়েন্টিতে প্রথমবার বোলিংয়ে এসেই গেইল আউট করেন রিজা হেনড্রিকসকে। এরপর যা করার করেছেন ব্রাভো। ক্যারিয়ার সেরা বোলিংয়ে ১৯ রানে ৪ উইকেট নিয়েছেন তিনি। একমাত্র কুইন্টন ডি কক ছাড়া কেউ দাঁড়াতে পারেননি। ৪৩ বলে ৬০ রান করেন তিনি।
ম্যাচ শেষে পোলার্ড বলেন, ‘আমাদের জন্য এই ম্যাচটা জেতা ছাড়া উপায় ছিল না। ফলে কঠিনভাবে ঘুরে দাঁড়াতে হতো। আগের দুইটা ম্যাচে আমি তেমন রান না পেলেও অনেক বল খেলেছি। তাই সেট হওয়ার ব্যাপার ছিল না। তাছাড়া আমাদের দলে অনেক পাওয়ার হিটার আছে। এই ম্যাচে সবাই নিখুঁত না খেললেও জয় পেতে অসুবিধা হয়নি।’