ছিনতাইকারী চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, ২ অটোরিকশা উদ্ধার

সংঘবদ্ধ অটোরিকশা ছিনতাইকারী চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ। গাজীপুরের হোতাপাড়া থানার মনিপুর বাজার এলাকা থেকে গত বৃহস্পতিবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী নেত্রকোনার দুর্গাপুর উপজেলা থেকে দুটি অটোরিকশা উদ্ধার করা হয়।

ময়মনসিংহের বিভিন্ন এলাকায় যাত্রী সেজে অটোরিকশা ভাড়া নেওয়ার পর চালককে চেতনানাশক খাইয়ে অচেতন করার পর অটোরিকশা ছিনতাই করত তারা।

গোয়েন্দা পুলিশের ওসি শাহ কামাল আকন্দ জানান, চক্রের সদস্যরা নতুন অটোরিকশা টার্গেট করে কয়েকজন মিলে যাত্রী হয়ে সেই রিকশায় উঠত। তারপর নিজেরা অটোরিকশায় বসে জুস পান করার সময় চালককেও জুস পান করার প্রস্তাব দিত। চালক সেই জুস পান করে অচেতন হয়ে পড়লে তাকে ফেলে অটোরিকশা নিয়ে পালিয়ে যেত তারা। গ্রেপ্তার হওয়া ছিনতাইকারী চক্রের দুই নারী ও দুই পুরুষ সদস্য এমন তথ্য দিয়েছে গোয়েন্দা পুলিশের কাছে। গ্রেপ্তার চারজন হচ্ছে খোরশেদ আলম (৩৬), বকুল মিয়া (৩০), শেফালি বেগম (৩০) ও ইয়াসমিন আক্তার (২৬)।

গোয়েন্দা পুলিশের ওসি আরও জানান, চক্রের তিন সদস্য গত ২৬ জুন নান্দাইলের অটোরিকশা চালক সাইদুল ইসলামকে নিয়ে ঈশ্বরগঞ্জ আসে। এক পর্যায়ে চেতনানাশক খাইয়ে সাইদুলকে অচেতন করে অটোরিকশা নিয়ে পালিয়ে যায়। হাসপাতাল থেকে ছাড়া পেয়ে সাইদুল নান্দাইল থানায় মামলা করেন।

এর আগে গত ১২ এপ্রিল গৌরীপুর উপজেলার কলতাপাড়ার অটোরিকশাচালক শাহিনুর রহমান অটোরিকশাসহ নিখোঁজ হয়। এর চার দিন পর শাহীনুরের লাশ পাওয়া যায়। এসব ঘটনার সূত্র ধরে গোয়েন্দা পুলিশ অনুসন্ধান চালিয়ে চক্রের চারজনকে গ্রেপ্তার ও দুটি অটোরিকশা উদ্ধার করে।