লকডাউনের তৃতীয় দিনে দোহার ও নবাবগঞ্জে ৬৭ জনকে জরিমানা

করোনা ভাইরাস সংক্রমণ রোধে সারা দেশে কঠোর লকডাউনের তৃতীয় দিনে বিধিনিষেধ অমান্য করায় ঢাকার দোহার ও নবাবগঞ্জে ৬৭ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার সকাল থেকে উপজেলার সদর নবাবগঞ্জ ও বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা করেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এইচ এম সালাউদ্দীন মনজু ও সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অরুণ কৃষ্ণ পাল। এ সময় সরকারের বিধিনিষেধ না মানায় ও বিনা কারণে মাস্ক ছাড়া রাস্তায় বের হওয়ার অপরাধে ৪০জনকে ৩৪হাজার তিন শত টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কাজে সহযোগিতা করেন নবাবগঞ্জ থানা-পুলিশ, আনসার সদস্য, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যগণ।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এইচএম সালাউদ্দীন মনজু বলেন, সরকারি নির্দেশনা পালনের লক্ষ্যে আমাদের অভিযান অব্যাহত থাকবে এবং নির্দেশনা অমান্যকারীর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

অন্যদিকে ঢাকার দোহারে বিধিনিষেধ কার্যকর করতে শনিবার সকাল থেকে মাঠে নামে উপজেলা প্রশাসন দোহার থানা-পুলিশ, আনসার সদস্য, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যগণ। সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার আয়োজন মোড়, জয়পাড়া,লটাখোলা, থানার মোড়, দোহার বাজার, মেঘলা বাজার এলাকায় টহল কার্যক্রম ও ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট  জ্যোতি বিকাশ চন্দ্র। এ সময় বিনা কারণে ঘোরাঘুরি করায় ও বিধিনিষেধ অমান্য করার অপরাধে ২৭ জনকে পাঁচ হাজার দুইশ টাকা জরিমানা করা হয়।