সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের রাউতারা স্লুইস গেট সংলগ্ন অস্থায়ী রিং-বাঁধটি গতকাল শনিবার ভোর রাতে মৎস্য শিকারি ও নৌযান শ্রমিকরা কেটে দিয়েছে। ফলে শাহজাদপুর উপজেলাসহ চলনবিল অঞ্চলের অন্তত ৮টি উপজেলার ৪৫ হাজার হেক্টর জমি পানিতে ডুবে গেছে। এসব জমিতে লাগানো নেপিয়ার, গামা ঘাস, বোনা আমন ও সবজি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।
উপজেলাগুলো হলো সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর, উল্লাপাড়া, পাবনা জেলার চাটমোহর, ফরিদপুর, ভাঙ্গুড়া, নাটোর জেলার গুরুদাসপুর, সিংড়া ও বড়াইগ্রাম উপজেলা।
রাউতারা, পোতাজিয়া ও চরাচিথুলিয়া গ্রামের গোলাম আজম, নিরব হোসেন, সাকিব হোসেন, মুন্নাফ হোসেন, সৌরভ সরকার, সোহেল মোল্লা, আবদুল আলীম, জোবায়ের হোসেন, তানভির রহমান, আবু সাইফ বলেন, গত ২ দিন হলো বন্যার পানি বৃদ্ধি শুরু হয়েছে। এ সুযোগে শনিবার ভোর রাতে এসব এলাকার মৎস্য শিকারিরা অধিক পরিমাণে মাছ আহরণ ও শ্যালো ইঞ্জিনচালিত নৌযানের মাঝিমাল্লারা তাদের আয় উপার্জন বৃদ্ধির লক্ষ্যে প্রতি বছরের মতো এরারও ২ কোটি টাকা ব্যয়ে নির্মিত অস্থায়ী এ বালুর বাঁধটি কেটে দিয়েছে। শুধু তাই নয় এ বাঁধের পাইলিংয়ের বাঁশ খুঁটি ও বালুর বস্তা নারী-পুরুষরা লুট করে নিয়ে গেছে। অনেকে আবার বাঁধ এলাকায় এসব প্লাস্টিকের বস্তা ২০ টাকা পিস দরে বিক্রি করেছে।
তারা আরও জানান, সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ড গত ৩০ বছর ধরে ফসল রক্ষার নামে ড্রেজারের বালু দিয়ে এ বাঁধ নির্মাণ করে। গত ২৮ জুন এ বাঁধের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় ঠিকাদার ও পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ বাঁধটি পরিত্যক্ত ঘোষণা করে বাঁধের পাহারায় নিয়োজিত জনবল সরিয়ে নেয়। এর পর থেকেই বাঁধটি কেটে দেওয়ার জন্য মৎস্য শিকারি ও নৌযান শ্রমিকরা পাঁয়তারা শুরু করে।
পরে রাতে সামান্য বৃষ্টি ও পানি বৃদ্ধি পাওয়ার সুযোগে বাঁধটি কেটে দেয় তারা। মুহূর্তেই এ বাঁধের অন্তত ২০০ মিটার এলাকা ধসে যায়, সকালে তা বৃদ্ধি পেয়ে ৫০০ মিটারে দাঁড়ায়। এ সুযোগে দুপুর পর্যন্ত স্থানীয়রা বাঁশ খুঁটি ও বালুর বস্তা লুটপাট করে নিয়ে যায়।
তবে, স্থানীয়রা এ অভিযোগ অস্বীকার করে বলেন, বন্যার পানির চাপেই বাঁধটি ভেঙে গেছে। ফলে তারা বাঁশ খুঁটি ও বস্তা সংগ্রহ করে নিয়ে বাড়ির ভাঙন রোধে কাজে লাগাচ্ছেন। এ বছর বন্যা দেরিতে হওয়ায় ফসল আগেই উঠে গেছে। এরমধ্যে বাঁধের মেয়াদও শেষ হয়ে বিল উঠে গেছে। ফলে কর্তৃপক্ষ বাঁধটি পরিত্যক্ত ঘোষণা করায় স্থানীয়রা নিজেদের সুবিধার্থে তা কেটে দিয়েছে।
এ বিষয়ে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম বলেন, ইরি-বোরো ফসল রক্ষার্থে শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের রাউতারা স্লুইস গেট সংলগ্ন লোহা-ইট অস্থায়ী রিং বাঁধটি নির্মাণ করা হয়। ধান কাটা হয়ে যাওয়ায় পাহারা সরিয়ে নেওয়ায় স্থানীয়রা বাঁধটি কেটে দিয়েছে। আমরা ওখানে স্থায়ী বাঁধ নির্মাণের পরিকল্পনা হাতে নিয়েছি। এটি বাস্তবায়ন হলে এ সমস্যাটি আর থাকবে না।