অন্তর্জালে এবিএম সুমন

দেশের প্রথম সাইবার থ্রিলার চলচ্চিত্র ‘অন্তর্জাল’ একের পর এক চমক নিয়ে হাজির হচ্ছে। বিশেষ করে, এই সিনেমার কাস্টিং দর্শকের মধ্যে বেশ উত্তেজনা তৈরি করেছে। এরইমধ্যে ছবিটিতে অভিনয়ের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন চিত্রনায়ক সিয়াম আহমেদ, চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম ও সুনেরাহ বিনতে কামাল। এবার আসল হ্যান্ডসাম নায়ক এবিএম সুমনের নাম। গত ৩০ জুন সন্ধ্যায় এই চলচ্চিত্রের প্রযোজনা প্রতিষ্ঠান মোশন পিপল স্টুডিওসের অফিসে এবিএম সুমন চুক্তিবদ্ধ হন। এ সময় উপস্থিত ছিলেন ‘অন্তর্জাল’-এর পরিচালক দীপংকর দীপন, প্রযোজক সাদেকুল আরেফীন ও সহ-প্রযোজক শাহ আমীর খসরু। ‘আগামীর যুদ্ধটা হবে সাইবারে, কতটা প্রস্তুত আমাদের যোদ্ধারা’ এমন ভাবনা নিয়ে নির্মিত হতে যাচ্ছে ‘অন্তর্জাল’। এবিএম সুমন এই চলচ্চিত্রে অভিনয় করবেন সিআইডির ফিনটেক সাইবার ক্রাইমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রায়হান চরিত্রে। তাকে বিদ্যা সিনহা মীমের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সাইবার আক্রমণ থেকে দেশকে রক্ষায় কাজ করতে দেখা যাবে। এবিএম সুমন বলেন, ‘দীপংকর দীপনের ঢাকা অ্যাটাক আমার ক্যারিয়ারে অন্য মাত্রা যোগ করেছে। তার ভিশন খুব পরিষ্কার। এই ছবির চরিত্রটি আমার খুব ভালো লেগেছে। ঢাকা অ্যাটাকে আমি পুলিশের সদস্য ছিলাম, এখানেও তাই। তবে সেই চরিত্রটি থেকে এই চরিত্রটি একেবারে অন্যরকম।’ দীপংকর দীপন বলেন, ‘সুমন আমার খুব পছন্দের অভিনয়শিল্পী। যেকোনো চরিত্রে নিজেকে দারুণভাবে মানিয়ে নিতে পারেন। এই সিনেমায় সুমনকে নানামাত্রিক সাইবার ও ডিজিটাল সমস্যা ও সংকটের মুখোমুখি হতে হবে। এই চ্যালেঞ্জের জন্য তাকে দারুণভাবে তৈরি করার কাজটি শেষ করেছি আমরা।’