যুবকের চাপাতির আঘাতে স্ত্রী-শাশুড়ি হাসপাতালে

রাজধানীর হাতিরঝিলের মীরবাগ এলাকায় এক যুবকের চাপাতির আঘাতে তার স্ত্রী ও শাশুড়ি আহত হয়েছেন। গতকাল শনিবার সকালে এ ঘটনা ঘটে। আহতরা হলেনÑ আকলিমা বেগম (৩২) ও তার মা রুপো বেগম (৬০)। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পর থেকেই অভিযুক্ত তাজামুল ইসলাম (৪০) পলাতক রয়েছেন। পেশায় তিনি একজন সিএনজিচালিত অটোরিকশাচালক।

আহত আকলিমা বেগম বলেন, ‘আমি চার বছর ধরে সৌদি আরব ছিলাম। সাত দিন আগে ৬ মাসের ছুটিতে বাংলাদেশে এসেছি। গত শুক্রবার রাতে আমার মোবাইলে এক কলিগ ফোন দেন। এ নিয়ে আমার স্বামী বিরক্ত হন। তিনি ফোন আসার কারণ জানতে চান। তাকে বলি, আমার দরকারি ফোন। এ নিয়ে আমার সঙ্গে মনোমালিন্য এবং রাতে কথা কাটাকাটি হয়। সকালের দিকে তিনি আমাকে কুপিয়ে জখম করেন। মা বাধা দিতে গেলে মাকেও কুপিয়ে জখম করেন।’

আকলিমার ছেলে ইয়াসিন বলেন, ‘বাবা অনেকগুলো বিয়ে করেছেন। মা অনেক দিন পর দেশে এসেছেন। মায়ের মোবাইলে ফোন আসে কেন এ নিয়ে ঝগড়া করেন বাবা। পরে চাপাতি নিয়ে দরজা বন্ধ করে মাকে কোপান তিনি। নানি ঠেকাতে গেলে তাকেও কোপানো হয়। বাবা নেশা করেন। দেশে এমন কোনো নেশা নেইÑ যা তিনি করেন না।’

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, আকলিমার দুই পা ও রুপো বেগমের ডান পায়ে কুপিয়ে জখম করা হয়েছে। বর্তমানে তারা দু’জন জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় বিষয়টি জানানো হয়েছে।