সিলেটের গোলাপগঞ্জে প্রথম স্ত্রীকে তালাক দিয়ে দ্বিতীয় বিয়ে করায় তোতা মিয়া (৫০) নামে এক ব্যক্তিকে ধারালো অস্ত্রে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার তিন ছেলের বিরুদ্ধে। গত শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার বাঘা ইউনিয়নের পরগনা বাজারে এ ঘটনা ঘটে। তোতা মিয়া বাঘা কান্দিগাঁও গ্রামের প্রয়াত বতাই মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দুই সপ্তাহ আগে প্রথম স্ত্রী দিলারা বেগমকে তালাক দিয়ে দ্বিতীয় বিয়ে করেন তোতা মিয়া। এরপর প্রথম স্ত্রী ও তিন ছেলে তামিম আহমদ (২০), মাসুম আহমদ (২৬) ও রাজিম আহমদকে (২৪) বাড়ি আসতে নিষেধ করেন তিনি। এ নিয়ে গত কয়েক দিন ধরেই তাদের মধ্যে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় গত শুক্রবার রাতে তোতা মিয়ার সঙ্গে তার ছেলেদের ফের ঝগড়া হয়। এরপর তিনি স্থানীয় পরগনা বাজারে চলে যান। একপর্যায়ে তার ছেলেরাও সেখানে হাজির হয়। এরপর অজ্ঞাতপরিচয় আরও ৪-৫ জনকে সঙ্গে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে তাদের বাবাকে (তোতা মিয়াকে) উপর্যুপরি আঘাত করে। হামলায় গুরুতর আহত হন তোতা মিয়া। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তোতা মিয়ার মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ।
সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) মো. লুৎফুর রহমান জানান, এ ঘটনায় একটি মামলা হয়েছে। ময়নাতদন্ত শেষে নিহতের লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।