জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, শুধু অক্সিজেনের অভাবে করোনায় আক্রান্ত রোগীর মৃত্যু জাতির জন্য বেদনাদায়ক ও লজ্জাজনক। এই মৃত্যু মানুষ হত্যার শামিল। গতকাল রবিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
বিবৃতিতে আ স ম রব বলেন, উন্নয়নের নামে হাজার হাজার কোটি টাকার অপ্রয়োজনীয় মেগা প্রজেক্টে ব্যয়, সীমাহীন দুর্নীতি, অবাধ লুণ্ঠন, রাষ্ট্রীয় সম্পদের বিপুল অপচয় এবং দেশে করোনায় বিনা চিকিৎসায় মৃত্যু অগ্রহণযোগ্য।
তিনি বলেন, দীর্ঘ দেড় বছরের অধিককাল থেকে মানুষের অবিরাম মৃত্যু সরকারের বিবেক জাগ্রত করেনি। অথচ এখনো মুখে উন্নয়নের ফুলঝুরি আর আত্মতুষ্টির বাগাড়ম্বরে সরকারকে সয়লাব দেখতে পাই। করোনা মহামারীকালে পরপর দুটি বাজেটের একটিতেও জেলায় জেলায় অক্সিজেন সরবরাহ নিশ্চিত এবং আইসিইউ স্থাপন করা হয়নি। এই নিষ্ঠুর নির্মমতা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।