খুলনা বিভাগে মৃত্যু বেড়েই চলেছে

করোনাভাইরাসে সংক্রমিত হয়ে গত শনিবার সকাল ৮টা থেকে গতকাল রবিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে ১৫৩ জনের মৃত্যু হয়েছে। দেশে মহামারী শুরুর পর থেকে এখন অবধি এক দিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড এটি। এই সময়ে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে ৮ হাজার ৬৬১ জনের। এ নিয়ে দেশে মোট ৯ লাখ ৪৪ হাজার ৯১৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মোট মৃত্যু হয়েছে ১৫ হাজার ৬৫ জনের। এদিকে কয়েক দিন ধরে ধারাবাহিকভাবে খুলনা বিভাগে করোনায় মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, খুলনা বিভাগে শেষ ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৫১ জনের মৃত্যু হয়েছে। ঢাকা বিভাগে মৃত্যু হয়েছে ৪৬ জনের। রংপুর ও চট্টগ্রাম বিভাগে মারা গেছে ১৫ জন করে এবং রাজশাহী বিভাগে মারা গেছে ১২ জন। বাকিরা অন্য বিভাগের। এ ছাড়া কোনো কোনো জেলায় ভাইরাসটিতে মৃত্যু কমলেও সংক্রমণ বেড়েছে। এর মধ্যে মাদারীপুর ও ঝালকাঠিতে এক দিনে রেকর্ডসংখ্যক করোনা রোগী শনাক্ত হয়েছে। ঢাকার বাইরে বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের করোনাভাইরাসে সংক্রমণ, মৃত্যু ও অন্যান্য তথ্য দেশ রূপান্তরের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত:

খুলনা বিভাগে রেকর্ড ৫১ জনের মৃত্যু: খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রেকর্ড ৫১ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে ১ হাজার ৩০৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে শনাক্তের সংখ্যা ৬০ হাজার ছাড়িয়েছে। গতকাল দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত শনিবার সকাল ৮টা থেকে গতকাল রবিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় বিভাগের কুষ্টিয়া জেলায় সর্বোচ্চ ১২ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া খুলনায় ১০, মেহেরপুরে ৩, নড়াইলে ২, সাতক্ষীরা, মাগুরায় একজন, বাগেরহাট, ঝিনাইদহে ৬ এবং চুয়াডাঙ্গা ও যশোরে ৫ জন করে মৃত্যু হয়েছে। এর আগে গত শনিবার খুলনায় ৩৯ জন ও শুক্রবার ৪৬ জনের মৃত্যু হয়েছিল।

রামেক হাসপাতালে মৃত্যু কমেছে : রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে মৃত্যু কমেছে। গত শনিবার সকাল থেকে গতকাল সকালের মধ্যে মৃত ১২ জনের মধ্যে একজন করোনা পজিটিভ ছিল। বাকিরা ভর্তি ছিলেন করোনার উপসর্গ নিয়ে। এর আগে শুক্রবার সকাল থেকে শনিবার সকালের মধ্যে সেখানে ১৩ জনের মৃত্যু হয়। এরও আগের দিন ১৭ জন মারা যায়। রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে রাজশাহীর ৬, চাঁপাইনবাবগঞ্জের ৩, নাটোরের ১, নওগাঁর ১ ও পাবনার ১ জন রয়েছেন।

বরিশাল বিভাগে এক দিনে রেকর্ড শনাক্ত : বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় রেকর্ডসংখ্যক করোনা রোগী শনাক্ত হয়েছে। গতকাল সকাল পর্যন্ত বিভাগটিতে ৭২৮ জনের নমুনা পরীক্ষায় ৩৪৩ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ৪৭ দশমিক ১২ শতাংশ। বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় বিভাগে করোনা পজিটিভ ও উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুজন করোনা পজিটিভ ছিলেন। আর দুজন উপসর্গ নিয়ে মারা যান। এ নিয়ে বিভাগটিতে করোনা পজিটিভ হয়ে মারা গেছেন ৩১৫ জন।

রাজবাড়ীতে করোনায় ৩ জনের মৃত্যু : রাজবাড়ীতে করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুজন পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আর একজন রাজবাড়ী সদর হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন ছিলেন। এ নিয়ে জেলায় করোনায় মোট মৃত্যুর সংখ্যা ৪২ জনে দাঁড়াল। রাজবাড়ী জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, গতকাল পর্যন্ত জেলায় মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৫৪১৫ জন। সুস্থ হয়েছেন ৪ হাজার ৩৯৪ জন।

নারায়ণগঞ্জে ৯৫ জনের করোনা শনাক্ত : নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় ৯৫ জনের শরীরে নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এই সময়ে মারা গেছেন একজন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হলেন ১৪ হাজার ৩৪০ জন। আর মৃত্যু হয়েছে ২২৪ জনের। গতকাল সকালে জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, নতুন আক্রান্তদের মধ্যে নগরীর ৪১, সদরের ৩০, বন্দরের ৭, আড়াইহাজারের ৩, সোনারগাঁয়ের এক ও রূপগঞ্জের ১৩ জন রয়েছেন।

মমেকের করোনা ইউনিটে ১১ জনের মৃত্যু : ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় ছয় ও উপসর্গ নিয়ে পাঁচজন মারা গেছেন। গতকাল সকালে মমেকের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় মোট ৭১৭টি নমুনা পরীক্ষার বিপরীতে ১৮৪ জনের করোনা শনাক্ত হয়।

নেত্রকোনায় এসিল্যান্ড সপরিবারে আক্রান্ত : নেত্রকোনার আটপাড়া উপজেলার সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) সুলতানা রাজিয়া সপরিবারে করোনায় আক্রান্ত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। গতকাল দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শরীফ আহমেদ এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৩ জনসহ এ পর্যন্ত উপজেলায় ১০৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

ঝালকাঠিতে রেকর্ড ৫২ শতাংশ শনাক্ত হার : ঝালকাঠিতে গত ২৪ ঘণ্টায় শতকরা হারে সর্বোচ্চসংখ্যক করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এদিন জেলায় ১৬৪ জনের নমুনা পরীক্ষায় ৮৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সংক্রমণের শতকরা হারে যা ৫২ ভাগ। আর এটিই এখন পর্যন্ত জেলায় করোনাভাইরাস শনাক্তের সর্বোচ্চ হার। এ ছাড়া জেলায় এক দিনে করোনায় আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। গতকাল ঝালকাঠি জেলা সিভিল সার্জন অফিসের পরিসংখ্যানবিদ ফোরকান হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

মাদারীপুরে সর্বোচ্চ আক্রান্ত ১০৯ : মাদারীপুরে করোনা রোগীর সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ১০৯ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩ হাজার ১২১। মাদারীপুর সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, ২৪ ঘণ্টায় ৩৪০টি নমুনা পরীক্ষার বিপরীতে ওই ১০৯ জন শনাক্ত হয়। এর মধ্যে মাদারীপুর সদরে ৩৯, কালকিনিতে ১১, রাজৈরে ৪০ ও শিবচরে ১৯ জন রয়েছেন। তা ছাড়া এ পর্যন্ত জেলায় মৃত্যু হয়েছে মোট ৩৫ জনের।