বগুড়ায় করোনায় ৮ জনের মৃত্যু

বগুড়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৮ জন মারা গেছেন। তাদের মধ্যে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে ৬ জন, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে একজন এবং বাকি একজন শিবগঞ্জে নিজ বাড়িতে মারা যান।

এর আগের দিন মোহাম্মদ আলী হাসপাতালে মারা যান ৫ জন।

গত ২৪ ঘণ্টায় যে ৮ জন মারা গেছেন; তারা হলেন- বগুড়া সদর উপজেলার মকবুল হোসেন(৭৫) ও আব্দুল লতিফ(৫৩), দুপচাঁচিয়া উপজেলার রূপ কুমার বসাক(৪৫), আদমদীঘির হালিমা বেগম(৪০) ও মঞ্জুরুল আলম(৫৫), শিবগঞ্জের শাহজাহান আলী(৬২) এবং জয়পুরহাটের চম্পা(৩৯)।

এছাড়া শজিমেক হাসপাতালে মারা যাওয়া এক ব্যক্তির পরিচয় নিশ্চিত করতে পারেনি জেলা স্বাস্থ্য বিভাগ।

এই ৮ জনের মধ্যে শাহজাহান আলী শিবগঞ্জে নিজ বাড়িতে মারা গেছেন এবং বাকি ৬ জন মারা গেছেন মোহাম্মদ আলী হাসপাতালে।

এছাড়া জেলায় গত ২৪ ঘণ্টায় এক হাজার ১৬২ নমুনার ফলাফলে নতুন করে ৩১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ২৭ দশমিক ০২ শতাংশ। একই সময়ে সুস্থ হয়েছেন ৭৫ জন। সোমবার অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন।

ডা. তুহিন জানান, এ পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত হলেন ১৪ হাজার ৬৯৩ জন এবং সুস্থতার সংখ্যা ১২ হাজার ৯৯৫ জনে দাঁড়িয়েছে। এছাড়া নতুন করে ৮ জনের মৃত্যু হওয়ায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪২৯ জনে। এছাড়া করোনা আক্রান্ত হয়ে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন এক হাজার ২৬৯ জন।