সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার পৌর সদরের চালা সাতরাস্তা মোড়ে সোমবার সকালে বালুবোঝাই ট্রাক চাপায় সহোদর দুই ভাই নিহত হয়েছে।
নিহতরা হলো, রাব্বি (১৩) ও সাব্বির (১০)। তারা বেলকুচি উপজেলার চালা বানিয়াপাড়া মহল্লার আব্দুস সামাদের ছেলে।
এ বিষয়ে এলাকাকাসী জানান, ওই এলাকার ঠান্ডু সরকার নামের এক প্রভাবশালী যমুনা নদী থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে ট্রাক দিয়ে নিয়ে বিভিন্ন স্থানে বিক্রি করেন। এ দিন সকালে তার একটি বালুবোঝাই ট্রাক বেপরোয়া গতিতে বেলকুচি শহরের চালা পূর্বপাড়া মহল্লার রাস্তা দিয়ে যাওয়ার সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ওই দুই সহোদর ভাইকে চাপা দিয়ে তাদেরসহ ট্রাকটি পাশের খাদে উল্টে পড়ে যায়।
তারা জানান, আশপাশের লোকজন ছুটে এসে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে বেলকুচি ফায়ার সার্ভিসের কর্মীরা খাদের পানি ও ট্রাকের নিচ থেকে দুই ভাইকে উদ্ধার করে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। অপরদিকে নিহতদের স্বজনদের আহাজারিতে এলাকার বাতাস ভারি হয়ে ওঠে।
এ বিষয়ে বেলকুচি থানার ওসি গোলাম মোস্তফা জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ ছাড়া ঘাতক ট্রাকটিকেও আটক করা হয়। কৌশলে চালক ও হেলপার পালিয়ে যায়। এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।