এন্ড্রু কিশোরের প্রথম মৃত্যুবার্ষিকী আজ

কিংবদন্তি কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোরের প্রথম মৃত্যুবার্ষিকী আজ মঙ্গলবার। গত বছরের এই দিনে মৃত্যুবরণ করেন প্লেব্যাক সম্রাট এন্ড্রু কিশোর। করোনা পরিস্থিতিতে মৃত্যুবার্ষিকীতে তেমন কোনো আয়োজন নেই।

পারিবারিকভাবে শুধু প্রার্থনা সভার আয়োজন রাখা হয়েছে। প্রিয়জনের আত্মার শান্তি কামনা করতে রাজশাহীতে এসেছেন শিল্পির স্ত্রী ও কন্যা।

এ ব্যাপারে ডা. প্যাট্রিক বিপুল বিশ্বাস জানান, প্রথম মৃত্যুবার্ষিকীতে আজ মঙ্গলবার বিকেলে পরিবারের পক্ষ থেকে প্রার্থনার আয়োজন করা হবে। এর আগে বিকেল ৪টায় রাজশাহী সিটি চার্চেও প্রার্থনা করা হবে। করোনা মহামারীতে স্বাস্থ্যবিধি মেনে খুবই স্বল্প পরিসরে এসব আয়োজন হবে। এতে এন্ড্রু কিশোরের পরিবারের সদস্য এবং হাতে গোনা কয়েকজন ঘনিষ্ঠজন অংশগ্রহণ করবেন। এ ছাড়া এন্ড্রু কিশোর প্রতিষ্ঠিত ওস্তাদ আব্দুল আজিজ বাচ্চু স্মৃতি সংসদ আজ সকালে অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করবে।