রাজধানীর মুগদায় বাসার ছাদে কানামাছি খেলার সময় নিচে পড়ে সাদিয়া আক্তার মীম (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে তার মৃত্যু হয়।
শিশুটির মা হাসি বেগম জানান, তারা উত্তর মুগদা ঝিলপাড়ের একটি একতলা বাসায় ভাড়া থাকেন। মীমের বাবা স্বপন ভান্ডারি রিকশা চালান। তিনি নিজে বাসাবাড়িতে কাজ করেন। মীম স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণিতে পড়ত। তিন মেয়ের মধ্যে মীম ছিল মেজো। মীমের বড় বোন নাদিয়াসহ আরও কয়েকজন শিশু একতলার ছাদে কানামাছি খেলছিল। এ সময় মীমের চোখ রুমাল দিয়ে বাঁধা ছিল। অন্য শিশুদের ধরতে গিয়ে ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হয় সে। পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মৃতদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি মুগদা থানায় জানানো হয়েছে।