সাকিব টেস্ট খেলতে মুখিয়ে আছে: ডমিঙ্গো

নিজেদের সবশেষ টেস্ট সিরিজে সাকিব আল হাসানকে পায়নি বাংলাদেশ। টাইগাররা সবশেষ টেস্ট খেলে শ্রীলঙ্কায়। সেই সফরে না গিয়ে আইপিএলে অংশ নিয়েছিলেন সাকিব। সে নিয়ে বিতর্কও হয়েছে অনেক। সাকিব টেস্ট খেলতে চায় না এমন আলোচনাও এসেছে সামনে।

তবে জিম্বাবুয়ের বিপক্ষে হারারে টেস্টের আগে সাদা পোষাকে মাঠে নামতে সাকিবকে বেশ ‘ক্ষুধার্ত’ দেখছেন কোচ রাসেল ডমিঙ্গো।

সোমবার হারারেতে টাইগারদের অনুশীলনের ফাঁকে বিসিবি প্রেরিত ভিডিও বার্তায় দলের বিভিন্ন দিক তুলে ধরেন ডমিঙ্গো। এ সময় সাকিবকে পেয়ে উচ্ছ্বাস ঝরে এই দক্ষিণ আফ্রিকানের কণ্ঠে।

ডমিঙ্গো বলেন, ‘আবার টেস্ট ক্রিকেট খেলতে সাকিবকে ক্ষুধার্ত মনে হচ্ছে। বড় প্লেয়ারদের জন্য এটা গুরুত্বপূর্ণ, তাদের এই অ্যাটিচিউডটা থাকা…। তাকে ফিরে পাওয়াটা দারুণ। দলের ভারসাম্য বেড়ে যায়। টপ সিক্সে ব্যাটিং করে, ফ্রন্টলাইন বোলার। আন্তর্জাতিক প্রতিটি দলই এমন প্লেয়ার পেতে মুখিয়ে থাকে। এই সফরে সে প্রাণশক্তি ও মানসিকতা নিয়েও এসেছে।’

বুধবার টেস্ট দিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে শুরু হচ্ছে বাংলাদেশের একবারের লড়াই। টেস্ট সিরিজ শেষে আফ্রিকার দেশটির বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজও খেলবে টাইগাররা।