চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত ৯ জন মারা গেছেন। একই সময়ে নতুন করে রেকর্ড ৬৬২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
আগের দিন এ পর্যন্ত ১ দিনে সর্বোচ্চ ৫৫৯ জনের করোনা শনাক্ত হয়।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৮৯০ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়। গত ২৪ ঘণ্টায় শনাক্ত ব্যক্তিদের মধ্যে নগরের ৪৪৯ জন। নগরের বাইরের বিভিন্ন উপজেলার ২১৩ জন। ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের দুজন শহরের ও সাতজন উপজেলার বাসিন্দা।
আগের দিন চট্টগ্রামে ১ হাজার ৬৩৮ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ৫৫৯ জনের করোনা শনাক্ত হয়। পরীক্ষার তুলনায় করোনা শনাক্তের হার ছিল ৩৪ শতাংশ। সেদিন চট্টগ্রামে করোনায় পাঁচজন ব্যক্তির মৃত্যু হয়।
চট্টগ্রামে এখন পর্যন্ত ৬১ হাজার ৫৮৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। করোনায় চট্টগ্রামে মারা গেছেন মোট ৭৩১ জন।