স্কুলছাত্রকে নির্যাতনের অভিযোগে শিক্ষক আটক

ফজলুল আহমদ আদা নামে এক স্কুলছাত্রকে নির্যাতনের অভিযোগে ফেনী সরকারি পাইলট স্কুলের শিক্ষক শাহ আলমকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার আদালতের মাধ্যমে ওই শিক্ষককে জেলা কারাগারে পাঠানো হয়।

এ ঘটনায় আহত ছাত্রের বাবা মো. সেলিম উদ্দিন বাদী হয়ে সোমবার থানায় লিখিত অভিযোগ করলে তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। শিক্ষক শাহ আলমের গ্রামের বাড়ি ফেনী সদর ধলিয়া ৭নং ওয়ার্ড রাজারহাটের পূর্ব পাশে।

অভিযোগে জানা যায়, দেশব্যাপী কঠোর লকডাউন থাকলেও ফেনী সরকারি পাইলট হাইস্কুলের গণিতের শিক্ষক শাহ আলম তার বাসায় গ্রুপ করে প্রাইভেট পড়ান। সোমবার সকালে প্রাইভেট পড়তে গিয়ে অঙ্কে ভুল করায় ছাত্রকে পিটিয়ে রক্তাক্ত আহত করেন ওই শিক্ষক। 

আহত ছাত্রের পিতার অভিযোগের ভিত্তিতে ফেনী মডেল থানার পুলিশ শিশু নির্যাতনের অপরাধ আইনে শিক্ষক শাহ আলমকে গ্রেপ্তার করে। এর পর আদালত তাকে জেলহাজতে পাঠিয়েছেন।

ফেনী মডেল থানার ওসি নিজাম উদ্দিন শিক্ষক আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।