বাইরে পাহারা বসিয়ে ভেতরে বেচাকেনা

বাইরে তালা, ভেতরে খোলা, পাহারা দিয়ে চলছে বেচাকেনা। ‘লকডাউনের’ মধ্যে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পৌর শহরের মনিরামপুর ও দ্বারিয়াপুরসহ অধিকাংশ বাজারে চলছে এ অবস্থা।

গতকাল মঙ্গলবার বিকেলে সরেজমিন দেখা যায়, শহরের দুই বাজারের অধিকাংশ দোকান বন্ধ, শাটারেও তালা দেওয়া। তবে দোকান ও মার্কেটের কলাপসিবল গেটের সামনে তরুণরা দাঁড়িয়ে অথবা টুলে বসে দোকান বা মার্কেট পাহারা দিচ্ছে। ভেতর থেকে সংকেত দিলেই তালা খুলে দিচ্ছে। ভেতরের ক্রেতারা বাইরে আর বাইরের ক্রেতারা ভেতরে প্রবেশ করছে। আবার কিছু কিছু দোকানের শাটার সামান্য বা একটি করে খোলা রেখেও বেচাকেনা চলছে। বাইরে থেকে বোঝা না গেলেও ভেতরে বেচাকেনা ঠিকই চলছে। মাঝেমধ্যে ভ্রাম্যমাণ আদালত জরিমানাও করছে। ভ্রাম্যমাণ আদালত চলে গেলে আবারও শুরু হয় বেচাকেনা। ইলেকট্রনিকস, গার্মেন্টস পোশাক, মোবাইল ফোন বিক্রির দোকান, কাপড়, শাড়ি-লুঙ্গি ও রং-সুতার দোকান, হার্ডওয়্যার, গ্যাস সিলিন্ডারের দোকানসহ বিভিন্ন দোকান ও কাপড়ের আড়তগুলোতে চলছে এ অবস্থা।

পুলিশ, প্রশাসন, সেনাবাহিনী, আনসার ও বিজিবি সদস্যদের দেখলে বাইরের পাহারাদার সংকেত দিয়ে সবাইকে সতর্ক করে দিচ্ছে। ক্রেতা-বিক্রেতাদের বেশিরভাগেরই মুখে মাস্ক নেই। সামাজিক দূরত্বও মানছে না। ফলে শাহজাদপুরে করোনা ঝুঁকি আরও বেড়েছে। রাস্তাঘাটে মানুষ চলাচল বেড়েছে। বাজারে ভিড়।

এ বিষয়ে শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শাহ মো. শামসুজ্জোহা বলেন, আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। জনগণের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ব্যাপক প্রচার করছি। তার মধ্যেও কোথাও কোথাও এমনটা ঘটছে। বিষয়টি আরও গুরুত্ব দিয়ে কঠোর অভিযান পরিচালনা করা হবে। এদিকে গতকাল সকালেও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শাহ মো. শামসুজ্জোহা ও সহকারী কমিশনার (ভূমি) মাসুদ হোসেন দ্বারিয়াপুর, মনিরামপুর, খুকনি, তালগাছি, বাঘাবাড়ীসহ বিভিন্ন হাটবাজারে অভিযান চালিয়ে দোকান খোলা রাখা ও মাস্ক না পরার অপরাধে দোকান মালিক ও পথচারীদের জরিমানা করেছেন।