ঝিনাইদহে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে বুধবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ১১ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১৫৬ জন।
ঝিনাইদহ সিভিল র্সাজন ডা. সেলিনা বেগম জানান, গত ২৪ ঘণ্টায় ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনা পজিটিভ নিয়ে ৫ জন ও উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু হয়েছে।
এছাড়াও আক্রান্ত হয়ে বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় শৈলকুপা ১ জন ও হরিণাকুন্ডুতে ১ জন মারা গেছে।
গত ২৪ ঘণ্টায় ৪৫৭ জনের নমুনা পরীক্ষা করে ১৫৬ জনের ফলাফল পজিটিভ এসেছে। আক্রান্তের হার ৩৪ দশমিক ১৩ ভাগ।
এদিকে করোনার সংক্রমণ প্রতিরোধে ঝিনাইদহ জেলায় চলছে কঠোর লকডাউন। লকডাউন কার্যকরে শহরের বিভিন্ন স্থানে চেকপোস্ট ও অভিযান চালাচ্ছে পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত।
ঝিনাইদহ জেলা প্রশাসক মজিবর রহমান জানান, লকডাউনে বন্ধ থাকবে দোকানপাট, মার্কেট, শপিংমল, হোটেল-রেস্তোরা ও বন্ধ থাকবে গণপরিবহণ। তবে খোলা থাকবে ওষুধের দোকান। জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হওয়া যাবে না। বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরিধান করে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।