সেরা কোচরা শিষ্যদের সফলতার পথে এগিয়ে দেন। এ কথা যদি সত্যি হয় তবে অ্যাশওয়েল প্রিন্স সেরা কোচ না হয়েও প্রথম দিনেই সফল। কারণ তার দেওয়া চ্যালেঞ্জ নিয়েই লিটন দাশ সফল। লিটনকে ঘড়ি ধরে ৩ ঘণ্টা ব্যাটিংয়ের পরামর্শ দিয়েছিলেন প্রিন্স। লিটনও কোচের কথা শুনেছেন। আর তাই ব্যাটে ক্যারিয়ার সেরা ৯৫।
দিন শেষে প্রিন্স নিজেও আক্ষেপ করেছেন লিটনের সেঞ্চুরি না হওয়ায়। তবে জানালেন লিটন অনুশীলনে তাকে নিজের সমস্যার কথা বলেন। তার সমাধান দিয়ে নিজেই ঘড়ি ধরে বসেছিলেন, ‘বাংলাদেশ দলে খুব স্কিলফুল কিছু ক্রিকেটার আছে। লিটন তাদের একজন। ওর সঙ্গে আমার কথা হয়েছে, সে আমাকে বলেছে যে ৩০-৪০ রানে থাকার সময় সে উইকেট ছুড়ে আসে, মনঃসংযোগ হারিয়ে ফেলে। আমি তাকে বলেছি তুমি যদি তিন ঘণ্টা ব্যাটিং করো, কত রান বা অন্য কিছু ভুলে তাহলে দেখবে সেঞ্চুরির কাছে চলে গেছ। এমনকি আজ যে সে ব্যাট করছিল আমি ঘড়ি দেখছিলাম। (হাসি) সে আজ তিন ঘণ্টার কিছু বেশি ক্রিজে ছিল, দুর্ভাগ্য যে সে সেঞ্চুরির কাছে গিয়েও সুযোগ হারাল কিন্তু এটা থেকে সে ভালো কিছু শিখবে।’
প্রিন্সের চোখে হারারে টেস্টের প্রথমদিন দু’দফা লড়াই করে ম্যাচে ফিরেছে বাংলাদেশ। এবার অভিজ্ঞ মাহমুদউল্লাহর ব্যাটে তাকিয়ে আছেন বোর্ডে যত বেশি রান যোগ করা যায়।