মোংলা বন্দর

সংযোজন হচ্ছে ৩ মোবাইল হারবার ক্রেন

অত্যাধুনিক মোবাইল হারবার ক্রেন নিয়ে মোংলা বন্দরে গতকাল ৯ নম্বর জেটিতে ভিড়েছে ইতালি পতাকাবাহী বিদেশি জাহাজ ‘ইমকি’। জাহাজটিতে মোংলা বন্দরের জন্য তিনটি ক্রেন ছাড়াও ৮০টি প্যাকেজে এর মূল্যবান যন্ত্রাংশ আনা হয়েছে।

জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট অলসিস শিপিং লিমিটেডের প্রতিনিধি সাখাওয়াত হোসেন মিলন জানান, এক মাস আগে জার্মানির রকস্ট্রক বন্দর থেকে মোবাইল হারবার ক্রেন নিয়ে মোংলা বন্দরের উদ্দেশে ছেড়ে আসে ‘ইমকি’। অত্যাধুনিক এই ক্রেন তৈরি করেছে জার্মানির লিভার কোম্পানি। এটি মোংলা বন্দরে সরবরাহ করছে সাইফ পাওয়ার লিমিটেড।

মোংলা বন্দর কর্তৃপক্ষের যান্ত্রিক ও তড়িৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. সোহেল রানা বলেন, এসব ক্রেন বন্দরের জেটিতে যুক্ত করা হবে। যা দিয়ে বন্দরে আসা ১২ সারির কনটেইনার জাহাজের কনটেইনার একসঙ্গে হ্যান্ডেলিং করা যাবে। ১ হাজার ৩৩২ টনের এই মোবাইল হারবার ক্রেনে ব্যয় হয়েছে ১২০ কোটি টাকা। আগামী পাঁচ দিনের মধ্যে জাহাজ থেকে ক্রেনগুলো খালাস করে জার্মান প্রকৌশলীদের সহায়তায় বন্দর জেটিতে যুক্ত করা হবে বলেও জানান তিনি। এর আগে গত ১৫ জুন আরও দুটি মোবাইল হারবার ক্রেন আমদানি করে মোংলা বন্দর কর্তৃপক্ষ।

বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিক করতে নতুন নতুন ইকুইপমেন্ট সংযোজন করা হচ্ছে জানিয়ে মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা বলেন, নানা উন্নয়নমূলক কর্মকা-ে বিদেশিদের মধ্যে এই বন্দর ব্যবহারে আগ্রহ বাড়ছে। এছাড়া বন্দর ব্যবহারের সব জটিলতা নিরসন করা হয়েছে। বন্দরের রাজস্ব আয়ও বেড়েছে জানিয়ে তিনি বলেন, বন্দর উন্নয়নে আরও প্রায় ৭০০ কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে।