এনজিও কর্মকর্তাকে বাসায় এনে ভিডিও ধারণ, মারধর

ফেনীর সোনাগাজীতে বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) এক কর্মকর্তাকে বাসায় ডেকে এনে কৌশলে ভিডিও ধারণের পর তাকে মারধর করে টাকা আদায়ের অভিযোগ পাওয়া গেছে। পরে তার অভিযোগের পরিপ্রেক্ষিতে ঋণগ্রহীতা ওই নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে কিছু টাকা। এ ঘটনায় ওই কর্মকর্তা বাদী হয়ে যুবলীগের দুই নেতাসহ পাঁচজনের বিরুদ্ধে সোনাগাজী মডেল থানায় মামলা করেছেন।

ওই এনজিও কর্মকর্তার ভাষ্যমতে, ঋণ নেওয়ার সুবাদে ওই নারীর সঙ্গে তার পরিচিতি গড়ে উঠে। এরপর মোবাইল ফোনে বেশ কয়েকবার তাদের কথাবার্তাও হয়। গত সোমবার ওই নারী কৌশলে তাকে সোনাগাজী পৌর এলাকার নিজেদের ভাড়া বাসায় ডেকে আনে।

সেখানে গেলে তার স্বামী এবং অপর একজন গোপনে তাদের ভিডিও ধারণ করে। এ সময় যুবলীগ নেতা আবদুল মমিন রানা ও মামুন ইন্টারনেটে তার ভিডিও ছেড়ে দেবেন বলে তার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। এরপর আবার তাকে পিটিয়ে ওই নারীর কাঁধে হাত দিয়ে ছবি ও ভিডিও ধারণ করেন। ছাড়া পেতে তাদের ১০ হাজার টাকা নগদে ও বিকাশের মাধ্যমে আরও ২০ হাজার টাকা প্রদান করেন তিনি।

সোনাগাজী মডেল থানার ওসি সাজেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ তিনজনকে আটক করেছে, বাকি দুজনকে আটকের চেষ্টা চলছে।