হবিগঞ্জে সৌদি আরব ফেরত গৃহবধূ খুন

সৌদি আরব থেকে বাড়ি ফেরার দেড় মাসের মাথায় খুন হয়েছেন পারভীন আক্তার (৩৫) নামে এক গৃহবধূ। স্বামীর হাতে তিনি খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার রাত ১টার দিকে মাধবপুর উপজেলার বুল্লা ইউনিয়নের মাহমুদপুর গ্রামে। নিহত পারভীন মাহমুদপুর গ্রামের মৃত নুরুল ইসলামের মেয়ে।

মাধবপুর থানার পরিদর্শক (তদন্ত) আবদুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে রক্তমাখা বালিশসহ আলামত জব্দ করা হয়েছে।

প্রায় সাত বছর আগে পারভীনের সঙ্গে তার খালাতো ভাই পার্শ্ববর্তী নাসিরনগর উপজেলার চান্দেরপাড়া গ্রামের অটোরিকশাচালক তকদির হোসেনের (৪০) বিয়ে হয়। তকদির ঘরজামাই হিসেবে শ^শুরবাড়িতে থাকতেন। তাদের দুটি কন্যাসন্তান রয়েছে।

পুলিশ জানায়, রাত ১টার দিকে তকদির ধারালো অস্ত্র দিয়ে পারভীনকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়।