টাঙ্গাইলে সর্বত্র ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। প্রতিদিনই নতুন নতুন আক্রান্তের সাথে মৃত্যুর সংখ্যাও বাড়ছে। গত ২৪ ঘণ্টায় টাঙ্গাইলে করোনায় আক্রান্ত ৭ জনের মৃত্যু হয়েছে।
এ নিয়ে বৃহস্পতিবার সকাল পর্যন্ত জেলায় মোট ১৪৬ জনের করোনায় মৃত্যু হলো। এছাড়াও উপসর্গ নিয়ে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ৪ জনের মৃত্যু হয়েছে। করোনা ইউনিটে আজ মৃত্যুর সংখ্যা ১১ জন।
সিভিল সার্জন অফিস সূত্র জানা যায়, গত ২৪ ঘণ্টায় টাঙ্গাইল জেনারেল হাসপাতাল থেকে ৬৪৬টি নমুনা সংগ্রহ করে করোনা শনাক্তের জন্য ঢাকায় প্রেরণ করা হয়। এতে নতুন করে ২৫৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়। হাসপাতালে মোট ভর্তি রোগীর সংখ্যা ৭৫৪ জন।
বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছে ৪ হাজার ২৪৯ জন। এখন পর্যন্ত মোট ৩০ হাজার ৬১৩ জনকে কোয়ারেন্টাইনে আনা হয়েছিল। এর মধ্যে ২৫ হাজার ৯০৭ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে।
জেলায় এখন পর্যন্ত ৪৮ হাজার ১৬২টি নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রেরণ করা হয়। জেলায় মোট আক্রান্তের হার ১৯.৮৮ ভাগ।
গত বছরের ৮ এপ্রিল জেলায় প্রথম করোনা রোগী শনাক্ত হয়। সদর উপজেলায় করোনায় আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। আর সবচেয়ে কম করোনা রোগী শনাক্ত হয় বাসাইল উপজেলায়।
এ ব্যাপারে সিভিল সার্জন আবুল ফজল মো. শাহাবুদ্দিন খান বলেন, গত এক মাস ধরে জেলায় করোনার রোগীর সংখ্যা বাড়ছেই। বর্তমানে প্রায় ৭০ থেকে ৮০ ভাগ মানুষের ডেলটা ধরনের করোনায় আক্রান্ত। এই ধরন খুব দ্রুতই একজনের কাছ থেকে আরেক জনের নিকট ছড়ায়। যার কারণে জেলায় দ্রুতই করোনার আক্রান্তের সংখ্যা বাড়ছে।
তাই এখনই সবাইকে সচেতন এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। নয়তো আগামী দিনে করোনা পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে বলেও তিনি হুঁশিয়ার করেন।