ফরিদপুরের চরভদ্রাসনের পদ্মার ভাঙনকবলিত তিন কিলোমিটার এলাকাজুড়ে তীররক্ষা বাঁধটি নির্মাণের এক বছর না যেতেই হুমকির মুখে পড়েছে। চরহাজীগঞ্জ বাজার এলাকায় বাঁধের কয়েকটি স্থানে ফাটল ধরেছে এবং কিছু স্থানে দেবে গেছে। ফলে স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা আতঙ্কিত হয়ে পড়েছেন। এখনই এটি সংস্কার করা না হলে বর্ষার ভরা মৌসুমে এই বাঁধ বড় ধরনের হুমকিতে পড়তে পারে বলে তাদের আশঙ্কা। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কর্তৃপক্ষ বলছে, দ্রুতই এর সমাধান করা হবে।
ফরিদপুর পাউবো সূত্রে জানা যায়, চরভদ্রাসনের পদ্মা নদীর তীব্র ভাঙনকবলিত এমপিডাঙ্গী, চরহাজীগঞ্জ বাজার ও চরহোসেনপুরের সাড়ে তিন কিলোমিটার নদী শাসনের কাজ করে সংশ্লিষ্ট বিভাগ। এ কাজে প্রথম পর্যায়ে বালুভর্তি জিও ব্যাগ ডাপিং এবং পরে সিসি ব্লক দিয়ে স্থায়ী বাঁধ নির্মাণ করা হয়। ২০১৯-২০ অর্থবছরে ১৪৪ কোটি টাকা ব্যয়ে তিনটি ঠিকাদারি প্রতিষ্ঠান বাঁধের নির্মাণকাজ সম্পন্ন করে। কিন্তু এক বছর না যেতেই বাঁধটি হুমকিতে পড়েছে।