নাটোরে ফোন করলেই রোগীদের বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দিচ্ছে পুলিশ। এমন মানবিক কর্মকা-ে নাটোরে করোনা ও শ্বাসকষ্টের রোগীদের আশা জাগিয়েছে পুলিশের অক্সিজেন ব্যাংক। বাড়িতে শ্বাসকষ্টে ভুগছেন, এমন রোগীরা দিন কিংবা রাতে শুধু একটি মোবাইল কল দিলেই কোনো ধরনের অর্থ ছাড়াই পৌঁছে যাচ্ছে অক্সিজেনের সিলিন্ডার। অক্সিজেন সরবরাহ ও রোগী বহনের জন্য পুলিশ লাইনসে সার্বক্ষণিক অ্যাম্বুলেন্সসহ চারটি গাড়ি প্রস্তুত রাখা হয়েছে।
প্রতিষ্ঠার ১৫ দিনে এ পর্যন্ত নাটোরের শতাধিক মানুষ ঘরে বসে অক্সিজেন ব্যাংকের সেবা নিয়েছেন। বিনামূল্যে অক্সিজেন সরবরাহের এ উদ্যোগ নিয়েছেন নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা। গত ২৩ জুন শহরের বড় হরিশপুর এলাকায় জেলা পুলিশ লাইনসের ড্রিল শেডে এ অক্সিজেন ব্যাংকের উদ্বোধন করেন রাজশাহী রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) আবদুল বাতেন।