দিনাজপুরের পার্বতীপুরে আরিফ সরদার (৩৪) নামে ফেনসিডিলসহ গ্রেপ্তার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে দিনাজপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার রায় চৌধুরী স্বাক্ষরিত পত্রে তাকে সাময়িক বরখাস্ত করা হয় বলে নিশ্চিত করেছেন পার্বতীপুর উপজেলা শিক্ষা অফিসার আ খ ম আলাউল হাদী।
আরিফ সরদার উপজেলার চ-ীপুর ইউনিয়নের বারকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। এ বিষয়ে ৩ জুলাই দৈনিক দেশ রূপান্তরে একটি সংবাদ প্রকাশিত হয়।
উল্লেখ্য, পুলিশ ২ জুলাই রাত সাড়ে ১০টার দিকে পার্বতীপুর উপজেলার চ-ীপুর কেরুর মোড় এলাকায় অভিযান চালিয়ে আরিফসহ মোটরসাইকেল দুই আরোহীকে ১০ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার করে। এ সময় তাদের সঙ্গে থাকা একজন পালিয়ে যেতে সক্ষম হয়।
পরে পার্বতীপুর মডেল থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়।