স্ত্রীকে খুন করে ঘরে তালা দিয়ে পালাল স্বামী

গাজীপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর লাশ রেখে ঘরে তালা দিয়ে পালিয়ে গেছে স্বামী। গত বুধবার রাতে গাজীপুর মহানগরীর নেয়ামত সড়কের পাঁচতলা নামক এলাকায় এ ঘটনা ঘটে।

খবর পেয়ে গতকাল বৃহস্পতিবার দুপুরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় সদর থানার পুলিশ।

নিহতের নাম রোজিনা বেগম (৩৪)। তিনি ময়মনসিংহের নান্দাইল থানার লোহিতপুর এলাকার মৃত সামাদ সরকারের মেয়ে এবং ওই এলাকায় ভাড়া থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করতেন।

নিহতের ভাতিজা সোহেল মিয়া জানান, ঢাকার বাড্ডা এলাকায় পরিচয়ের পর দুই বছর আগে কিশোরগঞ্জের করিমগঞ্জ থানার আইন উদ্দিনের ছেলে মো. সেলিমের সঙ্গে তার ফুপুর বিয়ে হয়। এটি উভয়ের দ্বিতীয় বিয়ে। ছয়-সাত মাস আগে তারা জয়দেবপুর নেয়ামত সড়ক এলাকায় বাসা ভাড়া নেন। রোজিনা পোশাক কারখানায় চাকরি নেন। আর সেলিম অটোরিকশা চালাতেন। রোজিনা নিজের জমানো অর্থে সেলিমকে দুটি অটোরিকশা কিনে দিলেও তিনি তা বিক্রি করে দেন। এছাড়া স্থানীয়দের থেকে ২ লাখ টাকার মতো ঋণ করে ঈদুল ফিতরের আগে সেলিম প্রথম স্ত্রীর কাছে চলে যান। এ নিয়ে তাদের মধ্যে দাম্পত্য কলহ চলছিল। এরই মধ্যে গত বুধবার সেলিম হঠাৎ গাজীপুরে রোজিনার বাসায় আসেন। রাতে তারা ঝগড়াবিবাদে জড়িয়ে পড়লে স্থানীয়রা মীমাংসার চেষ্টা করে ব্যর্থ হয় এবং একপর্যায়ে সেলিমকে এলাকা ছেড়ে চলে যেতে বলে। কিন্তু রাতের কোনো একসময় সেলিম এসে ঘরে ঢুকে বালিশচাপা দিয়ে রোজিনাকে হত্যা করে পালিয়ে যায়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার জাকির হাসান জানান, স্থানীয়দের থেকে খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করেছে সেলিম। গলায় গামছা পেঁচানো ও মুখের ওপরে বালিশ দেওয়া অবস্থায় লাশ পাওয়া যায়। সেলিমকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় পিবিআই ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানান তিনি।