পঞ্চগড়ের বোদা উপজেলায় সাবেক প্রেমিকার বিয়ে ভাঙার চেষ্টা করায় আইয়ুব আলী (২৩) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এ সময় তার সঙ্গে থাকা মানিক হোসেন নামে আরেক যুবককেও পুলিশ আটক করে। গতকাল শুক্রবার দুপুরে আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
জানা গেছে, আইয়ুব আলী ঠাকুরগাঁও জেলার উত্তর বঠিনা গ্রামের খাদেমুল ইসলামের ছেলে এবং একই গ্রামের হুমায়ুন কবিরের ছেলে মানিক হোসেন।
স্থানীয়রা ও পুলিশ জানায়, বোদা উপজেলার ঝলইশালসিঁড়ি এলাকার এক তরুণের সঙ্গে বিয়ের কথা হয় পাশর্^বর্তী ঠাকুরগাঁও জেলার উত্তর বঠিনা গ্রামের ওই মেয়ের। গতকাল ওই মেয়ের বাড়িতে গিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার কথা ছিল। কিন্তু এ খবর জানার পর মেয়ের সাবেক প্রেমিক আইয়ুব তার দলবল নিয়ে বৃহস্পতিবার ছেলের বাড়িতে গিয়ে বিয়ে ভাঙার চেষ্টা করে। পরে স্থানীয়রা তাদের ধাওয়া দিলে কয়েকজন পালিয়ে যায় এবং সে সময় আইয়ুব ও তার সহযোগী মানিককে আটক করে পুলিশকে খবর দেওয়া হয়।
বোদা থানার ওসি আবু সাঈদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।