মাদক সেবনের অভিযোগে ফরিদপুরে জেলা ছাত্রদলের সভাপতি ও তার দুই সহযোগীকে আটক করেছে জেলা ডিবি পুলিশের একটি দল। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে ফরিদপুর শহরের চর কমলাপুর এলাকার একটি বাড়ি থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন অনু (৩৬), মো. সাফায়েত (৩৩) এবং অজ্ঞাতনামা ২৭ বছরের এক যুবক।
ফরিদপুর ডিবি পুলিশের ওসি সুনীল কুমার কর্মকার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে শহরের কমলাপুর এলাকায় সাফায়েতের বাড়িতে অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় ওই তিনজনকে আটক করা হয়। এ সময় ওই বাড়ি থেকে চারটি গাঁজার গাছ জব্দ করা হয়। এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।