অবৈধভাবে বাঁওড় ইজারা দেওয়ার প্রতিবাদে মাথায় কাফনের কাপড় বেঁধে মানববন্ধন কর্মসূচি পালন করেছে মৎস্যজীবীরা। গতকাল শনিবার সকালে ঝিনাইদহের মহেশপুর উপজেলার কুসুমপুর গ্রামে এ কর্মসূচির আয়োজন করে বাঁওড়পাড়ের বাসিন্দারা। এসময় মাথায় কাফনের কাপড় বেঁধে ব্যানার ফেস্টুন নিয়ে মহেশপুরের কুসুমপুর, স্বরূপপুর, পিপুলবাড়িয়া, চুয়াডাঙ্গার বেনীপুর ও ধান্যখোলা গ্রামের ১১৫টি পরিবারের কয়েক শ সদস্য অংশ নেন।
মানববন্ধন চলাকালে বেনীপুর বাঁওড় ব্যবস্থাপনা কমিটির সম্পাদক পূর্ণ চন্দ্র হালদার বলেন, চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বেনীপুর বাঁওড়টি ব্যবহারের জন্য আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (ইফাদ) ও সরকারের মাধ্যমে মৎস্যজীবীদের সঙ্গে ৫০ বছরের জন্য চুক্তি হয়। এর ফলে বাঁওড়টিতে গত ৩০ বছর ঝিনাইদহের মহেশপুর ও চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার ৫টি গ্রামের মৎস্যজীবীরা তাদের জীবিকা নির্বাহ করে আসছে। কিন্তু হঠাৎ করে মৎস্যজীবীদের না জানিয়ে চুয়াডাঙ্গা জেলা প্রশাসন ৫০ বছরের ওই চুক্তি অগ্রাহ্য করে একটি সমিতিকে এক মাসের দায়িত্ব দেয়।
এ ব্যাপারে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম বলেন, যারা মানববন্ধন করছে তারা অন্যায় করছে। সরকার রাজস্ব আদায় করছে, তারা সরকারের কাজে বাধা দিচ্ছে। ইফাদের সঙ্গে চুক্তি ছিল তা অনেক আগেই হাইকোর্ট বাতিল করে দিয়েছে।