কেন্দুয়ায় ভিমরুলের হুল ফুটানোতে আহত শিশুর মৃত্যু

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় ভিমরুলের হুল ফুটনোতে আহত আবিদ হোসেন (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

রবিবার দুপুর ১২টার দিকে উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আবিদ হোসেন উপজেলার খিদিরপুর গ্রামের লিটন মিয়ার ছেলে।

জানা যায়, শনিবার বিকেল ৩টার দিকে আবিদ হোসেন মৌমাছির চাক মনে করে প্রতিবেশী জব্বার মিয়ার পুকুর পাড়ে ভিমরুলের চাকে হাত দিলে ভিমরুল তাকে হুল ফুটায়। এতে সে আহত হলে পরিবারের লোকজন বিকেলেই তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা সেবা দেন।

খিদিরপুর গ্রামের আব্দুল হক বলেন, জব্বার মিয়া পুকুর পাড়ে ভিমরুলের চাক বাসা বেঁধেছে। বিষয়টি এলাকার কারও জানা ছিল না। নিহত আবিদ ভিমরুলের চাকটিতে মৌমাছির চাক মনে করে মধু সংগ্রহ করতে ভাঙতে গেলে ভিমরুল তাকে হুল ফোটায়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আবিদের মৃত্যু হয়েছে। তার মৃত্যুতে এলাকার সবাই শোকাহত।

কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও (আবাসিক মেডিকেল অফিসার) ডা. পিয়াস পাল বলেন, ভিমরুলের কামড়ে আহত আবিদকে গত শনিবার বিকেল ৪টার দিকে ভর্তি করা হয়েছিল। রাতে তার গাঁয়ে জ্বর আসলে ওষুধ খাওয়ার পর কমে গিয়েছিল। কিন্তু রবিবার বেলা ১১টার দিকে হঠাৎ তার শারীরিক অবস্থা অবনতি ঘটে। কিছুক্ষণের মধ্যে সে মারা যায়।