যশোরে করোনায় একদিনে সর্বোচ্চ ১২ মৃত্যু, আক্রান্ত ৩১১

গত দিনের চেয়ে দ্বিগুণ হয়েছে যশোরে করোনায় মৃতের সংখ্যা। রবিবার সকাল থেকে সোমবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় যশোর জেলায় মহামারিতে মৃত্যু হয়েছে ১২ জনের। রবিবার মৃতের সংখ্যা ছিল ৬।

জুলাই মাসের এ পর্যন্ত যশোর জেলায় করোনায় সর্বোচ্চ মৃত্যু ঘটেছে গত একদিনে। এছাড়া এ দিন করোনা উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে।

যশোর সিভিল সার্জন অফিসের স্বাস্থ্য কর্মকর্তা ডা. রেহনেওয়াজ সোমবার সকাল সাড়ে ১১টার দিকে জানান, যশোরে গত ২৪ ঘণ্টায় ৯৩৯ জনের নমুনা পরীক্ষায় ৩১১ জনের করোনা শনাক্ত হয়েছে। এ সময়ে মৃত্যু হয়েছে ১২ জনের।

যশোরে একদিনে ১২ জনের মৃত্যু এ পর্যন্ত সর্বোচ্চ। গত এক সপ্তাহে এ জেলায় সর্বোচ্চ মৃত্যু ছিল ১০ জুলাই দশজন। সর্বনিম্ন মৃত্যু ছিল গত ২ জুলাই দুইজন।

অপরদিকে যশোর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আরিফ আহমেদ জানিয়েছেন, করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও ৫ জনের।

তিনি বলেন, যশোর জেনারেল হাসপাতালের রেড জোনে সোমবার সকাল পর্যন্ত ভর্তি রয়েছেন ১৬২ জন এবং ইয়েলো জোনে ৬৬। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় রেড জোনে  ভর্তি হয়েছে ৩৮ এবং ইয়েলো জোনে ৩৭ জন।