ডাকাতি করে আনা গরু ট্রাক থেকে নামানোর সময় ২১টি গরু উদ্ধার করেছে বগুড়ার গাবতলী মডেল থানা পুলিশ। এ সময় গ্রেপ্তার করা হয়েছে সংঘবদ্ধ ডাকাত দলের দুই সদস্যকে।
সোমবার বিকেলে গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া লতিফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আলমগীর হোসেন নামে চট্টগ্রামের এক গরু ব্যবসায়ী উত্তরবঙ্গের বিভিন্ন হাট থেকে ১৬ লাখ টাকায় ২১টি কোরবানির গরু কেনেন। রবিবার রাতে নীলফামারী থেকে ট্রাকযোগে (ঢাকা-মেট্রো-ট-১৫-৭২০৭) গরু নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেন।
পথে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কালিতলা এলাকায় পৌঁছালে অন্তত ১২ জনের একদল ডাকাত অপর একটি ট্রাক দিয়ে গরুবোঝাই ট্রাকের গতিরোধ করে।
এরপর গরুবোঝাই ট্রাকে থাকা ব্যবসায়ী আলমগীরকে মারধর করে মহাসড়কে ফেলে দিয়ে ট্রাক নিয়ে পালিয়ে যায়।
রাত ২টার দিকে গাবতলী উপজেলার উনচুরখী এলাকায় ডাকাতি করা গরু ট্রাক থেকে নামানোর সময় টহল পুলিশের সন্দেহ হয়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের অধিকাংশ সদস্য পালিয়ে গেলে পুলিশ ট্রাকের ভেতরে বসে থাকা দুইজনইকে গ্রেপ্তার করে। তারা হলেন- গাবতলীর উনচুরখী গ্রামের মৃত আব্দুল গনির ছেলে আব্দুল বারী ওরফে যুবরাজ (৪০) এবং একই গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে শাকিল আহস্মেদ (২০)।
গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া লতিফুল জানান, গ্রেপ্তারদের নামে থানায় মামলা হয়েছে। ডাকাতি করা ২১টি গরু ও ট্রাক পুলিশের হেফাজতে রয়েছে। আদালত থেকে নির্দেশ পেলে গরুগুলো মালিককে ফেরত দেয়া হবে।
পলাতক অন্য ডাকাতদের গ্রেপ্তার করতে তৎপরতা চালানো হচ্ছে বলেও জানান তিনি।