সিরাজগঞ্জে জেলা বিএনপি কার্যালয়ে করোনা হেল্প সেন্টারের উদ্বোধন

সিরাজগঞ্জ জেলা বিএনপি কার্যালয়ে করোনা হেল্প সেন্টার উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল ১১ টায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু প্রধান অতিথি হিসেবে যুক্ত হয়ে ভার্চুয়ালি সেন্টারটির উদ্বোধন করেন।

এ সময় ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, “করোনার এই মহামারি কালে অসহায় মানুষের পাশে দাঁড়ানো বিএনপির দায়িত্ব। সে দায়িত্ব পালনের জন্য সারাদেশের প্রতিটি দলীয় কার্যালয়ে করোনা হেল্প সেন্টার উদ্বোধন করা হচ্ছে।”

করোনা পর্যবেক্ষণে বিএনপি গঠিত জাতীয় কমিটির আহ্বায়ক টুকু বলেন, “বিএনপি জনগণের দল। তাই জনগণের যেকোনো সমস্যায় তাদের পাশে দাঁড়ানোয় বিএনপির প্রতিটি নেতা–কর্মীর প্রধান কর্তব্য।

সরকারের উদাসীনতা ও ব্যর্থতায় বাংলাদেশে করোনা পরিস্থিতি ভয়াবহ রূপ নিচ্ছে বলে অভিযোগ করে তিনি বলেন, “করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের শুরু থেকে বিএনপি সরকারকে এ বিষয়ে সতর্ক ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছিল। তারা কর্ণপাত করেনি বলেই বাংলাদেশের জনগণ আজ মহামারির মুখোমুখি দাঁড়িয়ে।

তিনি বলেন, করোনার শুরু থেকে সারাদেশে বিএনপির নেতাকর্মীরা তারেক রহমানের নির্দেশে জনগণের পাশে দাঁড়িয়েছে। বিএনপির নেতাকর্মীরা তাদের সীমিত সাধ্যের মধ্যেও অতিপ্রয়োজনীয় অক্সিজেন ও ওষুধ করোনা রোগীদের বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছে। টুকু বিএনপির প্রতিটি নেতা-কর্মীকে স্বাস্থ্য বিধি মেনে এই কার্যক্রম গুলো বিগত দিনের মতো চলমান রেখে আরো বেগবান করার আহ্বান জানান।

সিরাজগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি ও সিরাজগঞ্জ জেলা ড্যাবের সভাপতি ডা. মো. আব্দুল লতিফের সভাপতিত্বে ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসন এর উপদেষ্টা ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার ও ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন অর রশিদ।