পৃথিবীর কোথাও দলীয় বিশেষজ্ঞ কমিটির রেওয়াজ নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘করোনার এই মহামারীতে শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর যেসব দেশে সংক্রমণ ভয়ানক রূপ নিয়েছে, সেখানে বিশেষজ্ঞদের মতামত নিয়ে কাজ করা হচ্ছে। বিশেষজ্ঞরা কোনো দলের নয়। কিন্তু বিএনপি চায় তাদের নিয়ে কমিটি হোক।’
গতকাল সোমবার তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।
ভাইরাস দলমত চেনে না উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘বিষোদগার আর সমালোচনার বৃত্ত থেকে বেরিয়ে এসে বিএনপিকে মানুষের পাশে দাঁড়ানো উচিত। কিন্তু সংকটকালে সাহস জোগানের পরিবর্তে বিএনপি বিভ্রান্তি ছড়িয়ে মানুষের মনোবল ভেঙে দেওয়ার যে অপচেষ্টা করছে তা বন্ধ করতেও পরামর্শ দেন ওবায়দুল কাদের।
সরকার নাকি একলা চলো নীতিতে বিশ্বাসী, বিএনপি নেতাদের এমন বক্তব্য প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘সংকটের শুরু থেকেই শেখ হাসিনা দলমত-নির্বিশেষে সবার সহযোগিতার আহ্বান জানিয়েছেন বারবার। প্রধানমন্ত্রী বিশেষজ্ঞ কমিটির সুপারিশের ভিত্তিতেই করোনা মোকাবিলায় বিভিন্ন সিদ্ধান্ত বাস্তবায়ন করছেন।’
বিএনপি শুরু থেকে নিজেদের আইসোলেশনে রেখে লিপসার্ভিস দিয়ে যাচ্ছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘শেখ হাসিনা সরকার এবং আওয়ামী লীগ সংকটের শুরু থেকে জনগণের পাশে আছে। তা ছাড়া মুখের কথায় রাজনীতিতে চিঁড়া ভেজে না, বিএনপি জনরোষের ভয়ে বাধ্য হয়েই এখন একলা চলো নীতিতে রয়েছে। বিএনপি একবার বলে কঠোর লকডাউন আবার বলে লকডাউনে মানুষ হয়রানির শিকার হয়, এখন আবার বলছে কারফিউ সমাধান নয়, বিএনপি নেতাদের কাছে জানতে চাই সরকার কি বলছে কারফিউতে সমাধান?’