আপনার জিজ্ঞাসা

কোরবানি কাজা আদায়ের নিয়ম

মো. রফিকুল ইসলাম, উত্তরা, ঢাকা

প্রশ্ন : গত কয়েক বছর যাবৎ কোরবানি ওয়াজিব হওয়া সত্ত্বেও তা আদায় করিনি। এবার বিগত কাজা কোরবানিগুলো আদায় করতে চাচ্ছি। এখন আমি যদি প্রতি বছরের জন্য গরুর সাত ভাগের এক ভাগের যে মূল্য আসে, সেই মূল্য সদকা করি, তাহলে কী আমার কাজা কোরবানি আদায় হবে? নাকি প্রতি বছরের জন্য একটি ছাগলের মূল্য সদকা করতে হবে?

উত্তর : প্রশ্নোক্ত ক্ষেত্রে যে কয় বছর কোরবানি করা হয়নি প্রত্যেক বছরের জন্য অন্তত এক বছর বয়সী একটি ছাগলের মূল্য সদকা করতে হবে। এ ক্ষেত্রে গরুর সপ্তমাংশের হিসাব যথাযথ নয়। তবে হ্যাঁ, গরুর সপ্তমাংশের মূল্য যদি এক বছর বয়সী ছাগলের মূল্যের সমপরিমাণ বা বেশি হয় তাহলে সে ক্ষেত্রে তা সদকা করলে কাজা আদায় হবে। কিন্তু এক বছর বয়সী ছাগলের মূল্যের কম হলে আদায় হবে না। খোলাসাতুল ফাতাওয়া : ৪/৩১১

দাঁত ভাঙা গরুর কোরবানি

রাশেদ হাসান, রামনগর, যশোর

প্রশ্ন : প্রতি বছর কোরবানির সময় আমার বাবা পালিত গরুগুলোর মধ্য থেকেই একটিকে কোরবানি করেন। এ বছর যে গরুটি কোরবানি করতে চাচ্ছেন সেটির অনেকগুলো দাঁত নেই। কিছু দাঁত আছে; তবে সেগুলোও ভাঙা। তবে গরুটি এখনো কষ্ট করে হলেও খাদ্য চিবিয়ে খেতে পারে। এই গরুটি দিয়ে কোরবানি সহিহ্ হবে কি?

উত্তর : গরুটির যেহেতু এ পরিমাণ দাঁত আছে, যা দ্বারা সে খাদ্য চিবিয়ে খেতে পারে তাই ওই গরু দিয়ে কোরবানি করা সহিহ্ হবে। কেননা এ ক্ষেত্রে খাদ্য চিবিয়ে খেতে পারাই মূল বিষয়; দাঁত বেশি বা কম থাকা মুখ্য নয়। বাদায়েউস সানায়ে : ৪/২১৫

কোরবানিদাতা কখন চুল, নখ ইত্যাদি কাটবে

আব জায়েদ, ত্রিশাল, ময়মনসিংহ

প্রশ্ন : যে ব্যক্তি কোরবানি দেবে, হাদিসে তাকে জিলহজের চাঁদ দেখার পর থেকে চুল, নখ ইত্যাদি না কাটার নির্দেশ দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে সে চুল, নখ কখন কাটবে?

উত্তর : ওই ব্যক্তি নিজের কোরবানি সম্পন্ন হওয়ার পর নখ, চুল কাটবে। হাদিস শরিফে এসেছে, হজরত রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, ‘যে ব্যক্তির কোরবানির পশু আছে যা সে কোরবানি করবে, জিলহজের চাঁদ ওঠার পর থেকে কোরবানির আগ পর্যন্ত সে যেন তার চুল ও নখ না কাটে।’ সহিহ্ মুসলিম : ১৯৭৭

সমান টাকা দিয়ে পশু কোরবানি

মাহমুদ রানা, টেকনাফ কক্সবাজার

প্রশ্ন : আমরা সাত ভাই প্রতি বছর সবাই মিলে একটি গরু কোরবানি করি। গত বছর প্রত্যেকে সমানভাবে টাকা দিয়ে দুটি গরু খরিদ করেছি। উভয়টি সবার পক্ষ থেকে কোরবানি করে গোশত সবাই সমানভাবে ভাগ করে নেই। আমাদের এই কোরবানি কি সহিহ্ হয়েছে?

উত্তর : হ্যাঁ, আপনাদের সবার কোরবানি সহিহ্ হয়েছে। ফাতাওয়া তাতারখানিয়া : ১৭/৪৫৬