চিড়িয়াখানায় জন্ম নেয়া ২৮টি অজগর বাচ্চা সীতাকুণ্ডে অবমুক্ত

চট্টগ্রাম চিড়িয়াখানায় ইনকিউবেটরের জন্ম নেওয়া ২৮টি অজগর সাপের বাচ্চা সীতাকুণ্ডে বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্ক অবমুক্ত করা হয়েছে।

আজ বুধবার দুপুর বারোটার দিকে সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহাদাত হোসেন সাপের বাচ্চাগুলোকে অবমুক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম চিড়িয়াখানার সদস্য সচিব মোহাম্মদ রুহুল আমিন, চিড়িয়াখানার কিউরেটর শুভ, সীতাকুন্ড বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্ক এর রেঞ্জার মুহাম্মদ আলমগীর হোসেন।

সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহাদাত হোসেন জানান, সঠিক নিয়ম মেনে ৬৭ দিন ইনকিউবেটরে রাখার পর ২২ জুন সাপের বাচ্চাগুলোর জন্ম হয়। ইনকিউবেটরে সাপের ৩১টি ডিম দেওয়া হয়েছিল। তার মধ্যে ২৮টি ডিম ফুটে বাচ্চা বের হয়।

এর আগে ২০১৯ সালে হাতে তৈরি ইনকিউবেটরের পরীক্ষামূলক প্রয়োগ শুরু করে চট্টগ্রাম চিড়িয়াখানা কর্তৃপক্ষ।