করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন মুশফিকুর রহিমের বাবা মাহবুব হাবিব ও মা রহিম খাতুন। জরুরি ভিত্তিতে দুজনকেই ঢাকায় আনা হচ্ছে। দেশের একাধিক সংবাদ মাধ্যম খবরটি নিশ্চিত করেছে।
বুধবার দুপুরে হুট করে জানা যায়, ওয়ানডে সিরিজ না খেলে পারিবারিক কারণে দেশে ফিরছেন মুশফিক। শুরুতে তার মা-বাবা করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি জানা যায়নি।
জিম্বাবুয়ে সিরিজ কাভার করতে যাওয়া সংবাদকর্মীদের বিসিবি মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম জানান, মা-বাবার শারীরিক অবস্থার দ্রুত অবনতি হওয়ায় গতকাল রাতেই মুশফিক দেশে ফেরার সিদ্ধান্ত নেন। মুশফিকের পরিবারের প্রতি শুভকামনাও জানিয়েছেন তিনি।
বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানায়, পারিবারিক কারণে হারারে থেকে দেশে ফিরে যাচ্ছেন মুশফিক। ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে থাকবেন না তিনি।
জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকে আগেই ছুটি নিয়েছিলেন। জৈব-সুরক্ষা বলয়ের মধ্যে টানা থাকার ক্লান্তি কাটিয়ে ঝরঝরে হয়ে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ফিরতে চেয়েছিলেন মুশফিক। কিন্তু জানতে পারলেন, জিম্বাবুয়ের বিপক্ষে পুরো সফরে না থাকলে অজিদের বিপক্ষে খেলতে পারবেন না।
কারণ অস্ট্রেলিয়ার শর্ত। তাদের বিপক্ষে সিরিজ শুরুর আগে টাইগারদেরও ১০ দিন জৈব-সুরক্ষা বলয়ে থাকতে হবে। এই সিদ্ধান্তের কারণে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলার জন্য মনস্থির করেন মুশফিক।
মঙ্গলবার বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানান, মন পরিবর্তন করে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলার সিদ্ধান্ত নিয়েছেন ৩৪ বছর বয়সী তারকা।
বাংলাদেশ সময় দুপুর একটায় হারারেতে নির্বাচিত জিম্বাবুয়ে একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলতে নামে তামিম ইকবালের দল। এই সময় হুট করে করে খবর এলো, জিম্বাবুয়ের বিপক্ষে ১৬ জুলাই থেকে শুরু হতে যাওয়া তিন ওয়ানডে সিরিজ না খেলে পারিবারিক কারণে দেশে ফিরছেন মুশফিক।
যার ফলে জিম্বাবুয়ের সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলা হচ্ছে না মুশফিকের। ১০ দিনের জৈব-সুরক্ষায় থাকার যে নিয়ম অস্ট্রেলিয়া দিয়েছে, এর ফলে হয়তো অজিদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও এই অভিজ্ঞা উইকেটরক্ষক-ব্যাটসম্যানকে পাবে না বাংলাদেশ।