আশুলিয়ায় পোশাকশ্রমিকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

আশুলিয়ায় এক ভাড়া বাড়ির কক্ষ থেকে ইউসুফ আলী (৩০) নামের এক পোশাক শ্রমিকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার বেলা ১২টার দিকে আশুলিয়ার গোরাট এলাকার ইব্রাহিম খানের ভাড়া বাড়ির কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ইউসুফ আলী সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার ফরিদপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। তিনি ওই বাড়িতে ভাড়া থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন বলে জানা যায়।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ইউনুস আলী জানান, স্থানীয়রা থানায় খবর দিলে তিনি ঘটনাস্থলে গিয়ে বন্ধ কক্ষের দরজা ভেঙে মরদেহ উদ্ধার করেন৷ মরদেহটি অর্ধগলিত ছিল, দুই-তিন দিন আগে মারা গেছে বলে ধারণা করছেন তিনি।

মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের হাসপাতালে পাঠানো হয়েছে। সেই সাথে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রীয়াধীন রয়েছে বলেও জানান তিনি।